বিহারে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে সম্প্রতি ভারতের বিহার প্রদেশের মুজাফফরপুর জেলার একটি স্থানীয় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করার একই অভিযোগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং প্রযোজক করণ জোহরও অভিযুক্ত হয়েছেন। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ধর্ম প্রডাকশন যৌথ প্রযোজনার ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর একটি গানে রাধাকে হেয়ভাবে উপস্থাপন করার কারণে হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে এমন অভিযোগে শাহরুখ-গৌরী ও করণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ২৯৫ এবং ২৯৫(এ) এই তিনটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার পুলিশের পরিদর্শক ইজাজ আহমেদ অভিযোগের ব্যাপারে তদন্ত করছেন। এক খবরে জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে ইজাজ আহমেদ বলেন, ‘৫ নভেম্বর বিচারিক হাকিম এসপি সিংয়ের আদালতে আইনজীবী সুধীর কুমার ওঝা শাহরুখসহ অন্যদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।’ তিনি জানান, অভিযোগের শুনানি শেষে সদর থানার একজন কর্মকর্তাকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রেড চিলিস ও ধর্ম প্রডাকশন প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ দেওয়ান ও আলিয়া ভাট।