
এক জীবনে স্মৃতির তো শেষ নেই! বুকের মধ্যে জমা হওয়া কথাগুলো সব কি আর বলা যাবে? না, জীবনের সব কথা বলা যায় না। তবে এমন কিছু কথা আছে, যেগুলো বলতে বারবার মন চায়। যেমন: শৈশবে যে খেলাঘর করতাম, এটা কিন্তু পরবর্তীকালে আমাকে সুমনা সোমা হিসেবে তৈরি করেছে। আমার জন্ম ও বড় হওয়া খুলনা শহরে। খুলনার লাল বাউল খেলাঘর আসরের সদস্য ছিলাম আমি। এই খেলাঘর করতে গিয়েই প্রথম নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। এ ছাড়া, আমার মা খুব ভালো সেলাই করতেন। তাঁর কাছে শিখেছিলাম সেলাই ও কাপড়ে নকশা আঁকা। এখানে একটি তথ্য জানিয়ে রাখি, নাটকে অভিনয়ের সময় যে পোশাকগুলো আমি পরি, এর সবই আমার নকশা করা। আসলে জীবনে কী থেকে যে কী হয়—একসময় নিতান্ত শখের বসে নিজের পোশাক নকশা করতাম; কিন্তু কে জানত, একদিন আমার নকশা করা পোশাক পরবে অন্যরাও!
হ্যাঁ, ঘটনাটি এখনো বিশ্বাস করতে পারি না। মনের খেয়ালে নিজের পোশাকের নকশা করতাম। আমার এক বন্ধুর ‘জমিন’ নামে একটি ফ্যাশন হাউস আছে। আমার করা পোশাকের নকশা দেখে আমায় সে বলল, তুমি তো আমার প্রতিষ্ঠানের জন্য কাপড় নকশা করতে পারো। তাঁর কথা শুনে বিস্ময়ের ঘোর আর কাটে না—নিজের জন্য নকশা করি ঠিক আছে; তা বলে কোনো ফ্যাশন হাউসের জন্য নকশা করব! আমি?
অবশেষে ওদের জন্য নকশা করলাম। আসন্ন পয়লা বৈশাখ থেকে আমার নকশা করা পোশাক পাওয়া যাবে বেইলি রোডে ওই ফ্যাশন হাউসে । আচ্ছা, এটা কি বলার মতো কোনো কথা?
এবার তাহলে অন্য কথা বলি: আমি তখন খুলনা পাইওনিয়ার স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বিড়ালকে খুব ভয় পেতাম সে সময়। সামনে বিড়াল থাকলেই হয়—আমার নাচানাচি দেখে কে! তো, আমার বিড়াল-ভীতির কথা জানত অনেকেই। একদিন স্কুল থেকে ফিরছি, হঠাৎ বন্ধুরা আমার সামনে ছেড়ে দিল আস্ত একটি বিড়াল। আর যাই কোথায়—ততক্ষণে চিৎকার-চেঁচামেচিতে চারপাশ অস্থির করে তুলেছি আমি। ওদিকে বন্ধুরা মজা পাচ্ছে আমায় দেখে। শেষমেশ একসময় তারা বলল, ভয় পেয়ো না, বিড়ালটা প্লাস্টিকের। আমার তবুও ভয় কাটে না।
অনেক পরে বুঝেছিলাম যে বিড়ালটি আসলে প্লাস্টিকেরই ছিল!
অনুলিখন: নয়ন হক