বিয়ন্সের চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্সে নোলেস
বিয়ন্সে নোলেস

আপনি বিয়ন্সে নোলেসের পাঁড় ভক্ত? সারা দিন ইচ্ছা করে টিভিতে শুধু বিয়ন্সের গানই দেখবেন? আপনার জন্য সুখবর। এবার বিয়ন্সে আসছেন তাঁর নিজের টিভি চ্যানেল নিয়েই!এই সংগীত তারকার প্রতিষ্ঠান পার্কউড আগামী ১০ বছরের মধ্যে বিয়ন্সের টিভি চ্যানেল চালুর উদ্যোগ নেবে বলে শোনা যাচ্ছে।

বিয়ন্সে এরই মধ্যে গানের বাইরের জগৎটাতেও অভিযান চালাচ্ছেন। ফ্যাশনজগৎ আর চলচ্চিত্রে পা রেখেছেন। এবার তিনি তাঁর রাজ্যটাকে আরও বড় করতে চান। অনুসরণ করতে চান টিভিব্যক্তিত্ব অপরাহ্‌ উইনফ্রের পদাঙ্ক। অপরাহ্‌র মতো তাঁরও একটা টিভি চ্যানেল থাকবে—এমনটাই নাকি আপাতত স্বপ্ন বিয়ন্সের। বিয়ন্সের চ্যানেলে দিনভর শুধু তাঁরই অনুষ্ঠান দেখাবে, এমন না-ও হতে পারে। সেখানে ফ্যাশন ও বিনোদনজগতের অনেক কিছুই থাকবে। তবে সিংহভাগজুড়ে যে বিয়ন্সেই থাকবেন, সে কি আর বলতে!

এদিকে বিয়ন্সের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন পরিচালক ম্যাথু ফুকস। এইচবিওর জন্য বানানো বিয়ন্সের ‘লেমোনেড’ গানের ভিডিওচিত্রের অনেক আইডিয়া নাকি ফুকসের স্বল্পদৈর্ঘ্যের ছবি পালিনোইয়া থেকে মেরে দেওয়া। বিয়ন্সের আইনজীবীরা অবশ্য উল্টো ফুকসের বিরুদ্ধেই আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। টিএমজেড।