বিয়ন্সের ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ন্সের ‘সিঙ্গেল লেডিস (পুট অ্যা রিং অন ইট)’ গানটি যখন গ্র্যামির মঞ্চে সং অব দ্য ইয়ার ঘোষণা করা হলো, বিয়ন্সে তখন মঞ্চের পেছনে। একটু পরেই গাইতে উঠবেন, চলছিল তারই প্রস্তুতি। এরপর আরও পাঁচবার ঘোষণা করা হলো বিয়ন্সের নাম। দুবার ‘সিঙ্গেল লেডিসের (পুট অ্যা রিং অন ইট)’ জন্য। বাকি তিনটি পুরস্কার এসেছে ‘অ্যাট লাস্ট’, ‘হালো’ এবং ‘বি’ডে’ গানগুলোর জন্য।গ্র্যামি পুরস্কার নতুন নয় তাঁর কাছে। ২০০৪ সালে ডেব্যু অ্যালবাম ডেঞ্জারাসলি ইন লাভ অ্যালবাম দিয়েই পেয়েছিলেন পাঁচটি গ্র্যামি। আর সব মিলিয়ে ঝুলিতে পুরেছেন ১৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড। কিন্তু ৫২তম আসরটা আলাদাই হয়ে থাকবে বিয়ন্সের কাছে। অনুষ্ঠান শেষে আলোকচিত্রীদের সামনে দাঁড়াতে গিয়ে গলদ্ঘর্ম বিয়ন্সে। এতগুলো পুরস্কার সামলানো তো আর সোজা কথা নয়! বলে উঠলেন, ‘ছয়টি ট্রফি দুই হাতে কীভাবে ধরি! এখন মনে হচ্ছে হাত দুইটার বদলে ছয়টা হলে বেশি ভালো হতো।’ তা না হয় হতো। কিন্তু গ্র্যামি শেষ হয়ে যাওয়ার পর বাকি চার হাত দিয়ে কী করতেন? বেয়ারা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিয়ন্সের উত্তর—‘কেন, নাচের নতুন মুদ্রা তুলতাম। ছয় হাতের মুদ্রা সবার খুব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’তবে এত খুশির মধ্যেও ঠিকই বেদনা ছুঁয়ে গেছে বিয়ন্সেকে। মাইকেল জ্যাকসনের মৃত্যু এখনো মেনে নিতে পারেননি তিনি। ‘যাঁকে দেখে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছি, সেই মাইকেল আজ আমাদের মাঝে নেই। এটা আমি এখনো ভাবতে পারি না।’ বলছিলেন বিয়ন্সে। মাইকেলের এতিম সন্তানদের গ্র্যামির মঞ্চে দেখে চোখে পানি আটকাতে নাকি বেশ বেগ পেতে হয়েছিল বিয়ন্সেকে—জানিয়েছে বিয়ন্সের ঘনিষ্ঠ একটি সূত্র। আই অ্যাম সাশা ফিয়ার্স-র বিশাল সাফল্যের পর বিয়ন্সে কাজ শুরু করে দিয়েছেন তাঁর নতুন অ্যালবামের। আর এ বছরেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি অ্যা স্টার ইজ বর্ন। সব মিলিয়ে সাফল্যের সাগরে ভাসছেন বিয়ন্সে।আনন্দ প্রতিবেদক, তথ্যসূত্র: ইন্টারনেট