
দুনিয়াশুদ্ধ লোকের সামনে ‘চোর’ বলে গালি! তা-ও আবার বিয়ন্সে নোলসের মতো শিল্পীকে। তিনি নাকি অন্যদের নাচ চুরি করেছেন। সামাজিক মিডিয়ায় বিয়ন্সের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ করেছেন কোরিওগ্রাফার মার্লিন ওরটিজ। সেই অভিযোগ কেবল লিখিতই নয়, ভিডিওসহ। বিয়ন্সে কোন কোন নাচ থেকে নিজের নৃত্যভঙ্গিগুলো নকল করেছেন, ভিডিওতে সেগুলো জুড়ে দিয়েছেন মার্লিন।
মার্কিন শিল্পী বিয়ন্সের সপ্তম কনসার্ট ‘ফরমেশন ওয়ার্ল্ড ট্যুর’। ২৩ এপ্রিল ষষ্ঠ অ্যালবাম লেমোনেড প্রকাশের পর এর প্রচারণায় ২৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামি থেকে এই সফর শুরু করেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে প্রকাশিত হয় অ্যালবামের প্রথম গানের ভিডিও। তখন থেকেই এ অ্যালবাম নিয়ে শুরু হয় আলোচনা। মিউজিক ভিডিওর এই অ্যালবামে নিজেই নেচে-গেয়ে একসার করেছেন বিয়ন্সে। সেসব দেখেই যেন একটু গা জ্বলে গেছে ব্যায়াম প্রশিক্ষক ও কোরিওগ্রাফার মার্লিনের।
গ্র্যামি বিজয়ী মার্কিন পপশিল্পী বিয়ন্সে নাচ-গান-অভিনয় ছাড়াও সংগীত প্রযোজনা করেন। মঞ্চ কাঁপানোয় খ্যাতি আছে তাঁর। মেয়েদের গানের দল ‘ডেসটিনিস চাইল্ড’-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে শুরু করেছিলেন ক্যারিয়ার। পরে অবশ্য একলা কিছু করবেন বলে দলছুট হয়ে যান। প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম ডেঞ্জারাসলি ইন লাভ। সেই অ্যালবাম বিকোনোর পর থেকেই শুরু হয় যত বিপত্তি। এরপর থেকে বিয়ন্সের কনসার্টের টিকিট পাওয়া প্রায় দুঃসাধ্য হয়ে যায়। এ ছাড়া পুরস্কার জেতা তাঁর অভ্যাসে পরিণত হয়ে যায়।
জীবনের ‘পূর্ণতা’ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি শব্দটিকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘পূর্ণতা’ আবার কী? বলুন ‘উদ্দেশ্য’। আমাদের নারীদের উচিত নিজের শরীর আর সেটার ভেতরে থাকা মনটার যত্ন নেওয়া। নারীদের উচিত স্বার্থপরের মতো অপরাধবোধহীনভাবে নিজের মানসিক স্বাস্থ্যর প্রতি নজর দেওয়া। নিজেকে সময় দিতে হবে একেবারেই নিজের ও পরমাত্মার জন্য। নারী নিজেকে যেভাবে দেখবেন, বিশ্বও তাঁকে সেভাবেই দেখবে। নিজের সঙ্গে তিনি যে আচরণ করবেন, বিশ্বও তাঁর সঙ্গে সেই আচরণই করবে।
এমন দার্শনিকতাপূর্ণ কথা যে শিল্পী বলেন, তিনি নাকি করবেন নাচ চুরি! মানবে কেউ? ওই অভিযোগের সঙ্গে দেওয়া ভিডিওতে মার্লিন লিখেছেন, ‘শিল্পীর সৃষ্টিসত্তাকে আমি সম্মান করি। তাই বিয়ন্সের এই নকল করাটা ভালো লাগেনি।’ পরে অবশ্য মার্লিনের ওপরই সবাই খেপেছেন। কেননা বিয়ন্সে যাঁদের নাচ থেকে অনুপ্রেরণা নিয়েছেন, ‘ট্যুর বুক’-এ কৃতজ্ঞতা ভরে তিনি সবার নাম দিয়েছেন।
বিয়ন্সে ড্রিম গার্লস নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। অনলাইনে তাঁর গাওয়া ‘হ্যালো’, ‘ক্রেজি ইন লাভ’, ‘ইফ আই ওয়্যার এ বয়’, ‘সিঙ্গেল লেডিস’, ‘লিসেন’ গানগুলো বেশি বেশি শোনে লোকে।
রাসেল মাহমুদ
রিফাইনারি ২৯, বায়োগ্রাফি, এল্লে ও উইকি অবলম্বনে