বিয়ন্সের সেই ভক্তের চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোনি
ইবোনি

ইবোনি ব্যাংকস যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাইস্কুলপড়ুয়া একজন শিক্ষার্থী। বহুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিল। মৃত্যুপথযাত্রী ইবোনির শেষ ইচ্ছা ছিল প্রিয় গায়িকা বিয়ন্সের সঙ্গে একটিবারের জন্য দেখা করবে।বিয়ন্স ভক্তের সেই শেষ ইচ্ছা ঠিকই পূরণ করেছিলেন। সেই ইচ্ছা পূরণের চার দিন পরই মারা গেল ইবোনি।

বিয়ন্স
বিয়ন্স

ইবোনির স্কুলবন্ধু কারিনা গুটিয়েজ পিপল সাময়িকীকে বলে, ‘ইবোনি ছিল বিয়ন্সের অন্ধভক্ত। এই সংগীতশিল্পীকে নিজের আদর্শ মানত সে। জীবনে বিয়ন্সের সঙ্গে একবার দেখা করার প্রচণ্ড ইচ্ছা ছিল তার। তাই টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমেই আমরা এই তারকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি।’

ইবোনির শুভাকাঙ্ক্ষীরা যথাসময়েই বিয়ন্সের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। ভক্তের ইচ্ছা পূরণ করতে সাড়া দিয়েছিলেন ২২ বার গ্র্যামিজয়ী এই শিল্পী। সামনাসামনি দেখা করতে না পারলেও ২২ মার্চ ইবোনিকে ভিডিও কল করেন বিয়ন্স। ইবোনির সঙ্গে কিছুক্ষণ কথা হয় তাঁর। কথোপকথনের শেষে বিয়ন্স তাঁর সেই ভক্তকে বলেন, ‘ভালোবাসি’। ২৬ মার্চ ইবোনি মারা যায়।

ইবোনির পরিবার ও ভক্তদের এখন একটাই সান্ত্বনা। মৃত্যুর আগে কাছের মানুষের একটি আশা অন্তত তাঁরা পূরণ করতে পেরেছেন। পিপল।