বিয়াম মিলনায়তনে মৌসুমী ভৌমিকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে একক গান পরিবেশন করবেন জীবনবাদী বাংলা গানের ভারতীয় শিল্পী মৌসুমী ভৌমিক। অনুষ্ঠানটি আয়োজন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। এ ছাড়া মৌসুমী ভৌমিক আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘সত্যেন সেন গণসংগীত উত্সব’-এ গান পরিবেশন করবেন এবং ‘গণমানুষের গান’ নামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি গণসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেবেন। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সুরকার ও সংগীতশিল্পী সুজেয় শ্যাম ও মাহমুদ সেলিম। ‘গণমানুষের গান’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন নাট্যজন শিমূল ইউসুফ। শিল্পকলা একাডেমীতে আলোচনা শেষে মৌসুমী ভৌমিক উন্মুক্ত চত্বরে তিন-চারটি গান পরিবেশন করবেন বলে জানান ‘সত্যেন সেন গণসংগীত উত্সব’-এর আহ্বায়ক অমিত রঞ্জন দে।আজ দুপুরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফেরেন ‘যশোর রোড’ গানের শিল্পী মৌসুমী ভৌমিক। সেখানে তিনি বাংলা লোকগান সংগ্রহ ও গবেষণার কাজে গিয়েছিলেন বলে জানা গেছে।উল্লেখ্য, মৌসুমী ভৌমিক ২৫ মার্চ ঢাকায় আসেন।