বিয়ে উৎসবে সজলের সঙ্গে নাচলেন কবরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী বিয়ে উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে এসেছিলেন দেশের অনেক তারকাই। এসেছিলেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী কবরী। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী সজল। অনুষ্ঠানের একপর্যায়ে কবরী ও সজলকে মঞ্চে ডেকে নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এরপর তিনি দুজনকে একটি গানের সঙ্গে নাচে অংশ নেওয়ার অনুরোধ করেন। তারাও পুরো ব্যাপারটিকে আনন্দের সঙ্গেই গ্রহণ করেন। কবরী ও সজল নিরাশ করেননি উপস্থিত দর্শকদের। অনুষ্ঠান দেখতে আসা অনেক দর্শকই কবরী ও সজলের এই দ্বৈত নৃত্য বাড়তি পাওনা হিসেবে মনে করেছেন।

মঞ্চের দ্বৈত পরিবেশনা শেষে কথা হয় অভিনেত্রী কবরীর সঙ্গে। হঠাৎ এমন আহ্বানে সাড়া দিয়ে নাচে অংশ নেওয়ার ব্যাপারটি কেমন ছিল জানতে চাইলে কবরী বলেন, ‘পুরো ব্যাপারটি মজার ছলে করা। আমি খুব উপভোগ করেছি।’

‘পন্ডস-নকশা’ বিয়ে উৎসবের মঞ্চে কবরী ও সজলের দ্বৈত নৃত্য
‘পন্ডস-নকশা’ বিয়ে উৎসবের মঞ্চে কবরী ও সজলের দ্বৈত নৃত্য

এদিকে বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরীর সঙ্গে এমন একটি পরিবেশনায় অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত সজল। তিনি বলেন, ‘প্রথম আলো বরাবরই দারুণ কিছু আয়োজন করে। বিয়ে উৎসবের এই আয়োজনও এর ব্যতিক্রম নয়। বেশ মুগ্ধ হয়েই অনুষ্ঠানটি উপভোগ করছিলাম। হঠাৎ মঞ্চে ডাক পড়ে। তাও আবার কবরী আপার মতো কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে। এমন একটি ব্যাপার আমাকে বিস্মিত করেছে। এটা পুরোপুরি আমার জন্য অনেক সম্মানের। এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক দিন মনে থাকবে।’
প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ ও ইউনিলিভারের ব্র্যান্ড ‘পন্ডস’-এর আয়োজনে দুই দিনের ‘পন্ডস-নকশা বিয়ে উৎসব’-এর শেষ দিনের আয়োজন ছিল মঙ্গলবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠানের। আর তাতে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন দেশের সাংস্কৃতিক জগতের খ্যাতনামা তারকারা।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা এ আয়োজনের একটি বড় চমক হিসেবেই দেখতে পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী ও সজলের এই দ্বৈত নাচের পরিবেশনাটি। ‘চুপি চুপি বল কেউ জেনে যাবে’ গানটির সঙ্গে কবরী ও সজলের দ্বৈত নৃত্যে মুগ্ধ হয়েছেন সকলেই।