বিয়ে করবেন না ব্রিটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসন ট্রেউইককে বিয়ে না করার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন মার্কিন পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তিনি মনে করছেন, তাঁদের এই বিয়ে স্রেফ একটা ব্যবসায়িক চুক্তি ছাড়া আর কিছুই নয়। আর এ জন্য তিনি দায়ী করেছেন বাবা জেমস পারনেল স্পিয়ার্সকে। এক খবরে জানিয়েছে শোবিজস্পাই।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুরু থেকেই ব্রিটনির ওপর নজরদারি করার জন্য জেসনকে ভাড়া করেছিলেন ব্রিটনির বাবা। এ দুঃখজনক সত্য উপলব্ধি করতে পেরেছেন ব্রিটনি। তাই তিনি জেসনকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৮ সালে যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্রিটনি, তখন ব্রিটনির বিপুল ধনসম্পত্তি দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তাঁর বাবা জেমস। কিন্তু মেয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণে সময় দিতে গিয়ে একটা পর্যায়ে হাঁপিয়ে উঠলে তিনি জেসনকে ভাড়া করেন। জেমস চেয়েছিলেন, ব্রিটনি ও জেসনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠুক, যাতে করে মেয়ের পাশে সার্বক্ষণিক থাকতে না হয় তাঁকে। একটা সময় ব্রিটনির অভিভাবক হিসেবে জেসনকে নিযুক্ত করে আদালত। দায়িত্ব পেয়ে জেসনও সব সময় ব্রিটনির কাছাকাছি থাকতে শুরু করেন। তবে এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। কিন্তু এটি মোটেও পছন্দ করতেন না ব্রিটনি। তাঁর সামনে আর কোনো পথ খোলা না থাকায় একরকম বাধ্য হয়েই জেসনকে বিয়ে করবেন বলে সম্মতি দিয়েছিলেন। শেষ পর্যন্ত ব্রিটনি উপলব্ধি করেছেন, আদতে তাঁর জীবন নিয়ে নোংরা খেলায় মেতেছেন তাঁর বাবা ও জেসন। এ জন্যই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৩০ বছর বয়সী এ গায়িকা।