বিয়ে করলেন আলীফ
মডেল ও অভিনেতা আলীফ চৌধুরী বিয়ে করলেন। তাঁর স্ত্রী নাহিদা মাহমুদা তন্বি এবার এমবিবিএস চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। তিনি শিকদার মেডিকেল কলেজের ছাত্রী। এমবিবিএস কোর্স শেষে তন্বি বর্তমানে ইন্টার্নশিপ করছেন। ২১ অক্টোবর তন্বির মিরপুরের ডিওএইচএসের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বর-কনের মা-বাবা ছাড়াও উভয়ের পরিবারের ঘনিষ্ঠ লোকজন উপস্থিত ছিলেন।বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলীফ বলেন, ‘আমাদের পরিচয়টা খুব বেশি দিনের না হলেও বিয়ের সিদ্ধান্তটা হুট করেই নেওয়া হয়েছে। তন্বির বাবা-মা হজে যাবেন, তাই আগেভাগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সবাইকে জানাতে পারিনি। খুবই ভালো লাগছে মনের মানুষকে আপন করে পেয়ে।’ আলীফ আরও বলেন, ‘বিয়ের পর মনে হচ্ছে সংসারের প্রতি দায়িত্বটা অনেক বেড়ে গেছে।’ বিয়ের দিনটির কথা বলতে গিয়ে আলীফ বলেন, ‘বিয়ের দিন দুপুর পর্যন্ত আমাকে নাটকের শুটিং করতে হয়েছে। তারপর তাড়াহুড়া করে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করেই বিয়ের উদ্দেশ্যে ভোঁ-দৌড় দিয়েছি।’উল্লেখ্য মডেল ও অভিনেতা আলীফের সঙ্গে তন্বির পরিচয়টা প্রায় চার মাসের। নতুন দম্পতি তাঁদের নবজীবনের শুরুতেই সবার আশীর্বাদ কামনা করেছেন। আলীফ জানান, শ্বশুর-শাশুড়ি হজ শেষে ফেরার পরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হবে।