বিয়ে করলেন বাঁধন
বাঁধনের বিয়ে হলো ৮ সেপ্টেম্বর। বাঁধনের কথায়, ‘অনেকটা তাড়াহুড়ো করে। মাত্র দিনকয়েকের প্রস্তুতিতে।’ শুরুতে বাঁধনের মা-বাবা এবং তাঁর শ্বশুরবাড়ির কেউই চাননি, ব্যাপারটা প্রচারমাধ্যমে জানাজানি হোক। তাই কিছুটা গোপনীয়তাও রক্ষা করা হয়েছে দুই পরিবার থেকেই।ঈদের দুই দিন পর মধুচন্দ্রিমা কাটাতে স্বামীর সঙ্গে নেপাল যান বাঁধন। ফিরে এসে গতকাল মঙ্গলবার বিয়ের ব্যাপারে বাঁধন জানান, বিয়েটা হয়েছে পুরোপুরি পারিবারিকভাবেই। স্বামীর নাম জানাতে চাননি তিনি। পরে বললেন, ‘নাম সনেট। তিনি ব্যবসা করেন।’পারিবারিকভাবে আলোচনার সময় মাসতিনেক আগে ছেলেটির সঙ্গে পরিচয় হয় তাঁর।বললেন, ‘পরীক্ষার দোহাই দিয়ে বিয়ের ব্যাপারটি অনেক দিন থামিয়ে রেখেছিলাম। রেজাল্ট হওয়ার পর বাসা থেকে বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো শুরু হয়।’৮ সেপ্টেম্বর সন্ধ্যায় র্যাডিসন হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে বেশ ঘরোয়াভাবে। শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন এখানে। বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন তিনি।বাঁধন জানান, মাসদুয়েকের মধ্যেই তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।