বিয়ে করলেন বিদ্যা বালান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার মধ্যে আগ্রহ থাকা সত্ত্বেও বিয়ের দিনক্ষণ নিয়ে বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর শুরু থেকেই লুকোচুরি করে আসছেন। তবে বিয়ে নিয়ে তাঁদের এই লুকোচুরির পেছনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ দিকে আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ভোরে পশ্চিম মুম্বাইয়ে শ্রী সুব্রামানিয়া মন্দিরে বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর বিয়ের কাজটি সেরে ফেলেছেন বলে জি নিউজ জানিয়েছে। জানা গেছে, মন্দিরে বিয়ের কাজ শেষে বেলা ১১টার দিকে বিদ্যা ও সিদ্ধার্থ বান্দ্রার একটি বাংলোয় যান। বেশ আগে থেকেই বিদ্যা ও সিদ্ধার্থের বাড়িতে বিয়ের প্রস্তুতি জোরেশোরে শুরু হয়। ১১ ডিসেম্বর বিদ্যার বাড়িতে অনুষ্ঠিত হয় বিয়ের সংগীত-উত্সব। সিদ্ধার্থ ও বিদ্যার কাছের কজন বন্ধুবান্ধব, সহকর্মী ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে ঘরোয়াভাবে সম্পন্ন হয় এই উত্সব। বন্ধুদের সঙ্গে নিজের এই সংগীত-উত্সবে বিদ্যা ‘উলালা’ গানের সঙ্গে নাচেন।বিদ্যার বিয়ে উপলক্ষে বেশ কয়েক ধরনের সোনার গহনা তৈরি করা হয়। পছন্দের ডিজাইনার সব্যসাচী মুখার্জিও শেষ করেছেন বিদ্যাকে সাজানোর গুরুদায়িত্ব। বিয়ের জন্য সব্যসাচীকে দিয়ে ১৮টি শাড়ি তৈরি করিয়েছেন বিদ্যা। এদিকে বিয়ের জন্য গোটা ডিসেম্বর ছুটি নিয়ে নিয়েছেন সিদ্ধার্থ। বিয়ের দিন আত্মীয়স্বজন, বন্ধু ও বলিউডের কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিয়ের পর মধুচন্দ্রিমায় তাঁরা কোথায় যাচ্ছেন, তা এখনো জানা যায়নি।