বিয়ে করলেন বিয়েল-টিম্বারলেক
ইতালির সমুদ্রঘেঁষা বোরগো এগনাজিয়া নামের এক অবকাশ যাপনকেন্দ্রে ১৯ অক্টোবর শুক্রবার বিয়ে করলেন হলিউডের তারকা জুটি জেসিকা বিয়েল ও জাস্টিন টিম্বারলেক।বিয়ের খবর নিশ্চিত করেছেন বিয়েল-টিম্বারলেকের মুখপাত্র। এ ছাড়া বিয়ের পর নতুন দম্পতির একটি বিবৃতিও প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘দারণ লাগছে বিয়ে করে, ছিমছাম-সুন্দর একটি বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন আমাদের পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধবরা। তাঁদের উপস্থিতি আমাদের দুজনের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।’‘টোটাল রিকল’খ্যাত মার্কিন অভিনেত্রী জেসিকা বিয়েল এবং ‘দ্য লাভ গুরু’ তারকা জাস্টিন টিম্বারলেকের বয়সের ব্যবধান এক বছর। ৩১ বছর বয়সী টিম্বারলেকের সঙ্গে ২০০৭ সালে প্রেমের পথে হাঁটতে শুরু করেছিলেন বিয়েল।চার বছর পর ২০১১ সালের মার্চে প্রেমের যবনিকাপাতের ঘোষণা আসে এ জুটির কাছ থেকে। কিন্তু ওই বছরই তাঁদের ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লাগে। গত বছরের ডিসেম্বরে বাগদান সম্পন্ন হয় তাঁদের। বাগদানের প্রায় ১১ মাস পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিয়েল ও টিম্বারলেক।