বিয়ে করলেন রেসী
চলচ্চিত্রে ব্যস্ততা কমে গেলেও নতুন করে আবারও আলোচনায় এলেন অভিনয়শিল্পী মৃদুলা আহমেদ রেসী। এবারের আলোচনা রেসীর বিয়েকে কেন্দ্র করেই। ২২ জুন অনেকটা হঠাত্ করেই বিয়ের কাজটি সেরে ফেলেছেন রেসী। উত্তরায় রেসীর বাসাতেই বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। বরের নাম তৌফিকুল ইসলাম। বিয়েতে শুধু দুই পরিবারের খুব কাছের কয়েকজন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। রোববার প্রথম আলো ডটকমকে রেসী বলেন, ‘প্রথমে কথা ছিল ২২ জুন আমার আংটি বদলের অনুষ্ঠানটি করা হবে। কিন্তু এর মাঝেই উভয় পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় বিয়ের অনুষ্ঠানের। সবার সিদ্ধান্তে অনেকটা হঠাত্ করেই বিয়ের কাজটি সেরে ফেলতে হয়েছে। তাড়াহুড়োর কারণে তাই সবাইকে বিয়ের খবরটি জানাতে পারিনি। আমার ননদ অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে এলে আসছে ডিসেম্বরে আমাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’বিয়ের পর অভিনয় চালিয়ে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেসী বলেন, ‘আমি এ পর্যন্ত অন্তত ৩৫টি ছবিতে অভিনয় করেছি। প্রতিটি ছবিতে আমি যতটা ভালো কাজ করেছি সেভাবে কিন্তু মূল্যায়ন হয়নি। বলতে পারেন চলচ্চিত্র নিয়ে আমার এক ধরনের অভিমানও আছে। তাই চিন্তা করছি ছবিতে অভিনয় একেবারেই কমিয়ে দেব। বছরে হয়তো দু-একটি ভালো ছবিতে অভিনয় করব। আপাতত স্বামী ও সংসার নিয়ে আমার ভাবনা।’পেশায় ব্যবসায়ী স্বামীর সঙ্গে খুব শিগগিরই অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন বলেও জানিয়েছেন রেসী।বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও রেসী একটিমাত্র টিভি নাটকে অভিনয় করেছেন। আজিজুল হাকিমের পরিচালনায় রেসী অভিনীত নাটকটির নাম ‘জল পড়ে পাতা নড়ে’। চলচ্চিত্রে রেসী প্রথম অভিনয় করেন বুলবুল জিলানীর ‘নীল আঁঁচল’ ছবিতে। সর্বশেষ এফ আই মানিকের ‘স্বামী ভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন। মাস দুয়েক আগে মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বাজারের কুলি’ ছবিটি।