বিয়ে করলেন হিউ হেফনার-ক্রিস্টাল হ্যারিস
প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার ও তাঁর প্রেমিকা ক্রিস্টাল হ্যারিসের বিয়েটা হতে পারত ২০১১ সালেই। কিন্তু বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ক্রিস্টাল হঠাত্ পিঠটান দেওয়ায় শেষ পর্যন্ত গাঁটছড়া আর বাঁধা হয়নি তাঁদের। অবশেষে গত ৩১ ডিসেম্বর সোমবার সেই ক্রিস্টালকেই বিয়ে করলেন ৮৬ বছর বয়সী হেফনার।নতুন বছরের শুরুর দিনটিতে এক টুইটার বার্তার মাধ্যমে সবাইকে নিজের বিয়ের খবর দেন হেফনার। তিনি লেখেন, ‘মিস্টার এবং মিসেস হেফনারের পক্ষ থেকে সবার প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা। বছর শেষের দিনটিতে বেভারলি হিলসের প্লেবয় ম্যানসনে আমি এবং ক্রিস্টাল বিয়ে করেছি। বিয়েতে বেস্ট ম্যান হিসেবে উপস্থিত ছিলেন আমার গীতিকার ভাই কেইথ হেফনার।’ টুইটার বার্তার পাশাপাশি হেফনার বিয়ের ছবিও পোস্ট করেন। বিয়ের সময় হেফনারের পরনে ছিল কালো কোট আর ক্রিস্টাল পরেছিলেন হালকা গোলাপি রংয়ের বিয়ের পোশাক। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১০ সালের ২৫ ডিসেম্বর বাগদান সেরেছিলেন হেফনার এবং ক্রিস্টাল। পরের বছরের ১৮ জুন বিয়ের দিন চূড়ান্ত করেন তাঁরা। তিনশো অতিথির উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়। কিন্তু বিয়ের মাত্র পাঁচদিন আগে হঠাত্ করে হেফনারকে ছেড়ে চলে যান ক্রিস্টাল। তবে কিছুদিন আগে আবার হেফনারের জীবনে ফিরে আসেন ২৬ বছর বয়সী এ মডেল ও গায়িকা। বিয়ের দিন এক টুইটার বার্তায় ক্রিস্টাল লিখেছিলেন, ‘আজ আমি ক্রিস্টাল হ্যারিস থেকে মিসেস হিউ হেফনার হয়ে যাচ্ছি। প্রচণ্ড আনন্দ হচ্ছে। নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে।’হিউ হেফনার এর আগে আরও দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী মিলড্রেড উইলিয়ামসের সঙ্গে ১৯৫৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। পরে ১৯৮৯ সালে তিনি বিয়ে করেন সাবেক প্লেবয় মডেল কিম্বারলি কনার্ডকে। দীর্ঘদিন আলাদাভাবে বসবাসের পর ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।