বিয়ে করলেন ‘স্টার ওয়ারস’ নির্মাতা জর্জ লুকাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৯ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন ‘স্টার ওয়ারস’খ্যাত মার্কিন নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার জর্জ লুকাস। সম্প্রতি এ তারকা চলচ্চিত্রনির্মাতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ৪৪ বছর বয়সী মেলোডি হবসনকে বিয়ে করেছেন।লুকাসফিল্মের কর্ণধার জর্জ লুকাসের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র। ২২ জুন শনিবার বিকেলে মেলোডির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন লুকাস। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত লুকাসের নিজস্ব স্কাইওয়াকার ফিল্ম সিটিতে আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা। তাঁদের বিয়েতে অতিথিদের মধ্যে ছিলেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও রন হাওয়ার্ড। জর্জ লুকাসের মুখপাত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ফক্সনিউজ।জর্জ লুকাস প্রথম বিয়ে করেছিলেন ১৯৬৯ সালে। তাঁর প্রথম স্ত্রী মার্সিয়া লুকাস জড়িত ছিলেন চলচ্চিত্র সম্পাদনার সঙ্গে। ১৪ বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ ঘটে। মেলোডি হবসনের সঙ্গে লুকাসের প্রেমের শুরু ২০০৬ সালে। সাত বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে থিতু হলেন তাঁরা। একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেলোডি হবসন এবিসি টিভির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানের প্রদায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।