বিয়ে নিয়ে এবারে ঘোঁট পাকালেন কারিনা!
সাইফ আলি খান ও কারিনা কাপুরের বিয়ে নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি! সম্প্রতি সে জল আরও ঘোলা করলেন কারিনা। সাফ জানিয়ে দিলেন—পেশাগত ব্যস্ততার কারণে এ মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার ফুরসত তাঁর কিংবা সাইফের নেই।বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন কারিনা। যেখানেই যাচ্ছেন ঘুরেফিরে এই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। কারিনার মতে, তাঁদের বিয়ের খবর এখন ‘জাতীয় কৌতুকে’ পরিণত হয়েছে। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সম্প্রতি এক সাক্ষাত্কার দেওয়ার সময় আবারও বিয়ে বিষয়ক প্রশ্নের মুখোমুখি হলে বিরক্তি ধরে রাখতে পারেননি কারিনা। প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না, গুরুত্বও দিচ্ছেন না। এদিকে সাইফের মা শর্মিলা ঠাকুর বারবার বলে আসছেন, অক্টোবরেই সাইফ-কারিনার বিয়ে। এমনকি ছেলের বিয়ের আমন্ত্রণপত্র বিলি করা শুরু করেছেন শর্মিলা—এমন খবরও প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সাইফ-কারিনার বিয়ের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। এর মধ্যে আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন বেগম মনসুর আলি খান রিংকু (শর্মিলা ঠাকুরের ডাক নাম)। আমন্ত্রণপত্রে বিবাহোত্তর সংবর্ধনার তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ অক্টোবর।’বিয়ে নিয়ে পতৌদি পরিবারের হবু-বধূ কারিনা ও হবু-শাশুড়ি শর্মিলার এমন বিপরীতমুখী অবস্থান ধন্দে ফেলে দিয়েছে সবাইকে। তার পরও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহুল প্রতীক্ষিত এই বিয়ের সাক্ষী হওয়ার জন্য।