বিয়ে নিয়ে বললেন ফুয়াদ
ফুয়াদ আল মুক্তাদির এ সময়ের অন্যতম ব্যস্ত সুরকার ও সংগীত পরিচালক। আর মায়া কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক শেষ করেছেন। ২০০৮ সালের মাঝামাঝি গানের এক অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা হয়। পরিচয় থেকে ভালোলাগা এবং পরে প্রেম। এই বন্ধনকে অটুট রাখতে গণমাধ্যমকে কিছু না জানিয়েই এ বছর ১৩ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। শুরুর দিকে গোপন থাকলেও সম্প্রতি তাঁদের বিয়ের ব্যাপারটি সামনে চলে আসে। এরপর গতকাল শুক্রবার প্রথম আলোর কাছে বিয়ে নিয়ে কথা বলেন ফুয়াদ। তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মাঝেমধ্যে আমাদের যোগাযোগ হতো। এরই মধ্যে মায়া ঢাকায় ফিরে সামাজিক কিছু কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা সময় বুঝতে পারি, আমরা দুজন-দুজনকে ভালোবাসি। তারপর উভয় পরিবারের সম্মতি নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিই।’মায়া বললেন, ‘ফুয়াদ আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি, কাউকে যদি বিয়ে করতেই হয় তাহলে কেন ঘনিষ্ঠ বন্ধুকে নয়? তারপর আমাদের দুজনের বাবা-মাকে জানাই। আমাদের বিয়েতে দুই পরিবারের খুব ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সংগীতাঙ্গনের হাতেগোনা কয়েকজন ছিলেন।’ বিয়ের পর গান নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন ফুয়াদ, আর মায়া ‘ক্লিনিক্যাল থেরাপি’র ওপর স্নাতকোত্তর করার প্রস্তুতি নিচ্ছেন। ফুয়াদ জানান, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাঁরা। জুনে ফিরবেন। বললেন, ‘এরপর সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’