বিয়ে নিয়ে মুখ খুললেন জন অ্যাব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন বলিউডের অভিনেতা জন অ্যাব্রাহাম। এ বছরই প্রেমিকা প্রিয়া রানচালকে বিয়ে করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী এ বলিউডের তারকা। অল্প কয়েকজন একান্ত কাছের মানুষের উপস্থিতিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজটি সারবেন বলেই জানিয়েছেন জন।‘নীরবে-নিভৃতেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছি। যেদিন বিয়ে করব, কেউ জানবে না সেটা। আমার স্বপ্ন, নিজের বাড়িতে বাবা-মা এবং কাছের তিন-চারজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে করব আমি আর প্রিয়া।’ জনের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।জন আরও বলেছেন, ‘শ্রদ্ধা রেখেই বলছি, বলিউডের আর ১০টা বিয়ের মতো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার পক্ষপাতী আমি নই। লজ্জা কিংবা অন্য কোনো কারণে এভাবে চুপিসারে বিয়ের সিদ্ধান্ত নিইনি। কাজের ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে লক্ষ্য স্থির করেই কোন সিদ্ধান্তে পৌঁছাই আমি।’উল্লেখ্য, বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত বছরের এপ্রিলে জনের সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। সেই থেকে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। প্রিয়া পেশায় একজন ব্যাংকার।