বিয়ে নিয়ে সাইফের উল্টো সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দিনকয়েক আগেই গর্ব ভরে ছেলে সাইফ আলী খানের বিয়ের তারিখ নিশ্চিত করে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, এ বছরের ১৬ অক্টোবর সাইফ বিয়ে করছেন কারিনা কাপুরকে। এত দিন নিশ্চুপ থাকলেও সম্প্রতি উল্টো সুরেই কথা বললেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ। সাফ জানিয়ে দিলেন, এখনো বিয়ের তারিখ কিংবা স্থান কোনোটাই চূড়ান্ত হয়নি।এখন পর্যন্ত সাইফ কিংবা কারিনা কেউই তাঁদের বিয়ের দিনক্ষণ নিশ্চিত করেননি। বরাবরই তাঁরা বলে আসছেন, এ বছরের শেষনাগাদ বিয়ের শানাই বাজবে তাঁদের। তবে নির্দিষ্ট কোনো তারিখ তাঁরা উল্লেখ করেননি। কিন্তু সাইফের মা শর্মিলা ও বোন সোহা আলী খান সাইফ-কারিনার বিয়ের তারিখ ১৬ অক্টোবর নিশ্চিত করার পর সবাই ধরে নিয়েছিলেন, অবশেষে বহুল আলোচিত এই বলিউডের তারকা জুটির বিয়ে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। কিন্তু সবার সে আশায় গুঁড়েবালি। সম্প্রতি আবার সবাইকে ধন্দে ফেলে দিয়েছেন সাইফ। তিনি জানিয়েছেন, সবাই যে তারিখে তাঁদের বিয়ের কথা বলছেন, সে তারিখে বিয়ে হচ্ছে না। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, ‘এখন পর্যন্ত আমার বিয়ের তারিখ চূড়ান্ত করিনি আমি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কারিনার অভিভাবকের সঙ্গে আলোচনায় বসতে হবে।’সাইফ বলেন, বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, সেটাও চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি, এ বছরের মধ্যেই আমাদের বিয়ের ঘণ্টা বাজবে।বিয়ের তারিখ ঘোষণা নিয়ে সাইফের এ লুকোচুরি খেলার পরিপ্রেক্ষিতে নানাজনে নানা কথা বলছেন। অনেকে মন্তব্য করেছেন, কারিনার বিয়ের খবর জানার পর সঞ্জয় লীলা বনশালী তাঁর ‘রাম-লীলা’ ছবি থেকে কারিনাকে বাদ দিয়েছেন। এ ঘটনার পরপরই বিয়ে নিয়ে সুর পাল্টালেন সাইফ। তবে কি বিয়ের খবরের কারণে হবু স্ত্রীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক—এমনটি চান না বলেই সাইফের এই সুর বদল?