বিয়ে নিয়ে সাইফের গড়িমসি!
‘বিয়ে! সেটা হবে কোনো একসময়! আপাতত ‘ককটেল’ পার্টিতেই মেতে আছি! যখন বিয়ে করার তখন করব!’ কারিনা কাপুরের সঙ্গে বিয়ের তারিখ নিয়ে এমনতর গড়িমসিই শুরু করেছেন সাইফ আলি খান।বিয়ের ভাবনা মাথা থেকে উড়িয়ে মরিশাসে তাঁর নতুন ছবির কাজ শুরু করেছেন বলিউডের এই ‘নবাব’। এক খবরে জানিয়েছে মিড-ডে।সাইফ ও কারিনা কবে বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তর পেতে ভক্তরা উন্মুখ হয়ে আছেন। অথচ এ বিষয়ে মুখে কোন রা নেই সাইফের। তবে বিয়ের উত্তাপ যে মরিশাসে বসে একেবারেই টের পাচ্ছেন না, তা কিন্তু নয়। শুধু বিয়ের তারিখ নিয়েই তাঁর যত গড়িমসি। এ নিয়ে কাউকেই কিছু বলছেন না। প্রকারান্তরে সাইফ তাঁর বিয়ের তারিখ ঘোষণার জন্য দুই মাস সময় চেয়েছেন। মাস দুয়েকের মধ্যেই সবাইকে বিষয়টি খোলসা করার কথা বলেছেন সাইফ।এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘এখনই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করতে পারছি না। হয়তো মাস দুয়েক দেরি হতে পারে। এ বিষয়ে পরে জানাব। এখন আপাতত “ককটেল” নিয়েই মেতে আছি। আমি আমার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন এক করে ফেলতে চাই না।’সাইফের এজেন্ট বিনোদ বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হলেও দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেনটির সঙ্গের ‘ককটেল’ বেশ সাড়া ফেলেছে। ককটেলে হালকা চরিত্রে অভিনয় করছেন সাইফ। এখানে তাঁকে দুজনের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যাবে। এ ছবির সাফল্যেই বুঁদ হয়ে আছেন সাইফ। এরপর ভাবছেন ‘জুদা ২’ ছবিটি নিয়ে। সাইফের ভাবনার মধ্যে কেবল কাজ আর কাজ। ভক্তদের মধ্যে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে বিয়ের ভাবনা কখন ভাববেন সাইফ?এদিকে আবার শর্মিলা ঠাকুর (সাইফের মা) জানিয়েছেন, সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ে ১৬ অক্টোবরেই হবে। পুরোদমে বিয়ের প্রস্তুতি এগিয়ে চলছে বলেও জানিয়েছেন তিনি। বিয়ের স্থান নিশ্চিত না করলেও অতিথি তালিকা, হোটেল বুকিংয়ের যাবতীয় কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।শর্মিলা ঠাকুর চাইলেও সাইফ-কারিনা নাকি বিয়ের তারিখ পিছিয়ে ডিসেম্বরে নিতে চাইছেন বলে খবর প্রকাশিত হয়েছে। শর্মিলা ঠাকুরের ঠিক করা বিয়ের তারিখ এগিয়ে এলেও এ নিয়ে সাইফের সাম্প্রতিক গড়িমসিটা চোখে পড়ার মতো।