বিয়ে নিয়েও রানী-আদিত্যর লুকোচুরি

প্রায় ছয় বছর প্রেম নিয়ে লুকোচুরি খেলার পর বিয়ে নিয়েও লুকোচুরি খেললেন বলিউডের বহুল আলোচিত প্রেমিক যুগল রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। বন্ধু, সহকর্মী এমনকি বেশির ভাগ আত্মীয়স্বজনকে না জানিয়ে হুট করেই ২১ এপ্রিল রাতে ইতালিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পর্ব সেরেছেন আলোচিত এ নির্মাতা-তারকা জুটি। অবশ্য বিয়ের পর রানী ও আদিত্য দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানানো হয়েছে।
রানী-আদিত্য ২১ এপ্রিল তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করার সম্ভাব্য কারণ হিসেবে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ২১ মার্চ ৩৬ বছর বয়সে পা রেখেছেন রানী। অন্যদিকে আগামী ২১ মে আদিত্যর ৪৩তম জন্মদিন। জন্মদিনের তারিখের সঙ্গে মিল রাখতেই সম্ভবত বিয়ের তারিখ নির্ধারণের ক্ষেত্রে ২১ সংখ্যাটিকে প্রাধান্য দিয়েছেন এই নবদম্পতি।
বেশির ভাগ আত্মীয়স্বজন, বন্ধু ও সহকর্মীকে না জানিয়ে হুট করে রানী ও আদিত্য বিয়ে করলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি কেউই। বরং অনেক বেশি আনন্দিত বলেই জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে রানীর চাচা বলিউডের প্রয়াত অভিনেতা ও নির্মাতা জয় মুখার্জির স্ত্রী নিলম মুখার্জি বলেন, ‘রানীর বিয়ে সম্পর্কে আমরা কিছুই জানতাম না। কিন্তু এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা রানীর জন্য অনেক বেশি আনন্দিত। যখন কোনো মেয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করে, তার চেয়ে বড় আনন্দের উপলক্ষ আর কী হতে পারে!’
এদিকে রানীর বাবা চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জির চাচাতো ভাই সাব্বির মুখার্জি বলেছেন, ‘২২ এপ্রিল সকালে সংবাদকর্মীদের কাছ থেকে একের পর এক ফোন আসতে থাকে আমার কাছে। তাঁরা আমার কাছে জানতে চান, রানী বিয়ে করেছেন কি না। সত্যি বলতে কী, তাঁদের কাছেই প্রথম আমি রানীর বিয়ের খবর জানতে পারি। এর আগে এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি প্রায়ই রানীকে তার বিয়ে নিয়ে খোঁচাতাম। শেষ পর্যন্ত সে বিয়ে করে থিতু হয়েছে জানতে পেরে আমি খুবই খুশি।’
এ ছাড়া আদিত্যর নিকট আত্মীয় রেণু চোপড়াও রানী-আদিত্যর বিয়ে নিয়ে পুরোপুরি

অন্ধকারে ছিলেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আরও অনেকের মতো আমরাও জানতাম, রানী-আদিত্য বিয়ে করবে। কিন্তু কবে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। রানী প্রায়ই বলত, সময় হলেই আদির সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেলবে। অন্যদিকে, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে না আদি। আমরা বিষয়টিকে শ্রদ্ধার চোখেই দেখি। কারণ কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করাটা অনুচিত একটা কাজ।’
রানীর কাছের একজন বন্ধু জানিয়েছেন, বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট রানীর ঘনিষ্ঠ বন্ধু। রানীর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন বৈভবী। কিন্তু খুবই গোপনীয়তার সঙ্গে আমন্ত্রণ জানানোর কাজটি করেছেন রানী।
প্রেম-বিয়ে নিয়ে এমন নজিরবিহীন লুকোচুরি খেলার পর এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আদৌ রানী-আদিত্য দম্পতিকে জনসমক্ষে দেখা যাবে কি না! কিংবা রানী-আদিত্যর বিয়ের ছবি দেখার সৌভাগ্য কারও হবে কি না! কারণ কোনো অবস্থাতেই মিডিয়ার মুখোমুখি হতে চান না আদিত্য। বহুবার এর প্রমাণ তিনি দিয়েছেন। বলিউডে অনেকেই তাঁকে নিয়ে মজা করে মন্তব্য করেছেন, বাস্তবে কি আদিত্যর অস্তিত্ব আছে!
ছবির উদ্বোধনী প্রদর্শনী, অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠানে কখনোই দেখা যায় না আদিত্যকে। একবার একটি প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় আদিত্যর পিছু নিয়েছিলেন আলোকচিত্রীরা। তখন দৌড়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।

গত দুই দশকে বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরেফিরে আদিত্যর মাত্র চারটি ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবি ১৯৯৫ সালে তোলা। বেশ কয়েক বছর পর তাঁকে ক্যামেরাবন্দী করা হয়েছিল একটি প্রেক্ষাগৃহের বাইরে। এ ছাড়া ২০১২ সালের জানুয়ারিতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে রানী ও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে ক্যামেরাবন্দী করতে পেরেছিলেন আলোকচিত্রীরা। একই বছরের শেষের দিকে রানীর বাসায় আয়োজিত দিওয়ালি অনুষ্ঠানে আদিত্যর ছবি তোলা হয়েছিল।
সেল ফোন ক্যামেরার যুগে নিজেকে এভাবে আড়ালে রাখতে পেরে ভালোই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন আদিত্য। কারণ বলিউডের নির্মাতা কিংবা তারকাদের পেছনে সব সময় লেগে থাকেন আলোকচিত্রীরা। ভক্ত-দর্শকরাও সুযোগ পেলেই তাঁদের সেলফোনে পছন্দের তারকা কিংবা নির্মাতার ছবি তুলতে ভুল করেন না। আর বলিউডের তারকা-নির্মাতারা কিছু একটা করলেই তা নিয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়। বিয়ের পরও রানী-আদিত্য লুকোচুরি খেলে যাবেন, নাকি জনসমক্ষে নিজেদের মেলে ধরবেন, সময়ই তা বলে দেবে।