বিয়ে বাঁচানোর শেষ চেষ্টাতেও ব্যর্থ টম ক্রুজ!
বিয়ে বাঁচানোর শেষ চেষ্টা করতে নিজের ৫০তম জন্মদিনে কেটি হোমসকে আইসল্যান্ড যেতে মিনতি জানিয়েছিলেন টম ক্রুজ। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়েছেন কেটি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ‘বিয়ে বাঁচানোর শেষ চেষ্টা করতে চেয়েছিলেন ক্রুজ। এই উদ্দেশে তিনি কেটিকে ফোন করে তাঁর জন্মদিনে আইসল্যান্ড যাওয়ার জন্য অনুনয়-বিনয় করেন। কিন্তু কেটি রাজি না হওয়ায় ফোনে তুমুল বাক-বিতণ্ডা হয় তাঁদের মধ্যে। কেটিকে হূদয়হীনা বলেও অভিহিত করেছেন ক্রুজ। অন্যদিকে কেটি সাফ জানিয়ে দেন, তাঁদের সম্পর্ক চুকেবুকে গেছে এবং কোনোভাবেই পুনর্মিলন সম্ভব নয়।সূত্রটি আরও জানিয়েছে, ‘ক্রুজ ভালোভাবেই জানতেন, তাঁর প্রতি প্রচণ্ড ক্ষোভের জন্ম হয়েছে কেটির হূদয়ে। তার পরও ক্রুজের আত্মবিশ্বাস ছিল, কেটির সঙ্গে কথা বলে সব মতানৈক্য দূর করতে পারবেন এবং সংসার চালিয়ে যেতে রাজি করাতে পারবেন। কিন্তু ক্রুজের ধারণাকে ভুল প্রমাণ করে বিচ্ছেদের পক্ষে অনড় অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন কেটি।’উল্লেখ্য, ক্রুজের সঙ্গে পাঁচ বছরের সংসারের ইতি টানার লক্ষ্যে গত ২৮ জুন বৃহস্পতিবার নিউইয়র্কে বিচ্ছেদের আবেদন করেছেন কেটি হোমস। বিচ্ছেদের পর তাঁদের একমাত্র মেয়ে সুরি ক্রুজের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব পালনের আবেদনও করেছেন কেটি।