বিয়েতে বাড়ির ওয়াইন খাওয়াবেন ব্র্যাড!
বহুল আলোচিত হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের ঘণ্টা বাজতে আর খুব বেশি দেরি নেই। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য নিজের এস্টেটে তৈরি ‘পিংক ফ্লয়েড’ ওয়াইন পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাড।এরই মধ্যে বিয়ের অনুষ্ঠানের স্থান নির্ধারণসহ নানা প্রস্তুতি তাঁরা নিয়ে ফেলেছেন। ফ্রান্সে অবস্থিত ব্র্যাড পিটের মিরাভ্যাল এস্টেটে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তাঁরা। আর বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে বাড়িতে তৈরি ওয়াইন ও অন্যান্য পানীয় পরিবেশন প্রসঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য সান জানিয়েছে, এ বছরের শুরুর দিকে ওয়াইন তৈরির কোর্স করেছেন ব্র্যাড, সনদও পেয়েছেন। এরই মধ্যে তিনি ওয়াইন তৈরিতে হাত পাকিয়ে ফেলেছেন। বিয়েতে অন্যান্য পানীয়ের সঙ্গে নিজের তৈরি ‘পিংক ফ্লয়েড’ও পরিবেশন করবেন ব্র্যাড। ব্র্যাডের মিরাভ্যাল এস্টেটেই তৈরি হয় ‘পিংক ফ্লয়েড’ ওয়াইন। এরই মধ্যে ইউরোপে এই ব্র্যান্ডের ওয়াইন দারুণ প্রশংসিত হয়েছে। বিয়েতে অতিথি আপ্যায়নের জন্য পিংক ফ্লয়েডসহ মোট সাত ধরনের পানীয় পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাড পিট। তার মধ্যে রয়েছে শ্যাম্পেইন, বোর্ডেক্স, বারগান্ডি, জার্মান ওয়াইন প্রভৃতি।