বিয়েবাড়ির টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদানের দিন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
বাগদানের দিন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
>বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে। বছরের আলোচিত এই বিয়েকে ঘিরে জল্পনাকল্পনার শেষ নেই! বহুল প্রতীক্ষিত এই বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজ ২৯ নভেম্বর থেকে। ২ ডিসেম্বর হবে হিন্দুরীতিতে বিয়ে আর ৩ তারিখে খ্রিষ্টরীতিতে বিয়ে করবেন প্রিয়াঙ্কা–নিক। বিয়ে নিয়ে চারপাশে হইচই জমে ওঠার আগে চলুন জেনে নিই ‘নিকইয়াঙ্কা’র মহামিলনের খুঁটিনাটি।

যেখানে বিয়ে হবে

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজন শুরু হবে ২৯ নভেম্বর থেকে। উমাইদ ভবন প্রাসাদে ২ ও ৩ ডিসেম্বর দুটো পৃথক রীতিতে বিয়ে হবে তাঁদের। যোধপুরের সাবেক রাজপরিবারের মালিকানাধীন উমাইদ ভবন পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বসতবাড়ি। রাজকীয় এই প্রাসাদে রয়েছে ৩৪৭টি কক্ষ। বিয়ে উপলক্ষে পুরো প্রাসাদটিই ভাড়া করে নিয়েছেন নিকইয়াঙ্কা। বিয়ে শেষে নিক ও প্রিয়াঙ্কার বিবাহত্তোর সংবর্ধনা হবে দুটি। প্রথমটি দিল্লি আর দ্বিতীয়টি মুম্বাইয়ে।

 বিয়েতে যা পরবেন

যদিও প্রিয়াঙ্কা তাঁর বিয়েতে কী পরছেন তা সঠিক জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাঁকালো ও বিশেষ কাজ করা শাড়ি, লেহেঙ্গা বা গাউন পরতে পারেন তিনি। নিক বিয়েতে ঠিক কী পোশাক পরবেন তা এই অবধি আঁচ করা যাচ্ছে না। তবে হবু দম্পতির কাছের এক সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা চান তাঁর বিয়ের সবকিছুই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য মেনে হোক। তবে গুঞ্জন আছে, বিয়ের কোনো একটি অনুষ্ঠানে তাঁরা দুজনই রালফ্ লরেনের পোশাক পরতে পারেন।

বিয়ে থেকে আয়

প্রিয়াঙ্কা অ্যামাজনের সহযোগিতায় তাঁর বিয়ের জন্য বিশেষ রেজিস্ট্রি তৈরি করেছেন। এই রেজিস্ট্রির মানে হলো, নতুন সংসার সাজানোর জিনিসপত্রের ফর্দ। সংসার সাজানোর জন্য পিসি অ্যামাজন থেকে ১৪ হাজার ডলার সমমূল্যের কেনাকাটা করেছেন। আর এই কেনাকাটার প্রচার বাবদ পিসি অ্যামাজন থেকে নিয়েছেন ১ লাখ ডলার। অবশ্য সেই অর্থের পুরোটাই ইউনিসেফের তহবিলে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া লাইমবাইক স্কুটার্স নিয়ে নিক তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। সেখানে এ গায়ক জানান, বিয়েতে নিজের ভাই ও প্রিয়াঙ্কার ভাইকে এগুলো উপহার দেবেন তিনি। এই পোস্ট বাবদও নিক জোনাস বেশ আয় করেছেন বলে জানিয়েছেন ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা। অন্যদিকে, বাগদানের পর টিফিনি অ্যান্ড কোং–এ পার্টি করার ছবি দিয়েও আয় করেছেন পিসি। সামনে বিয়ে সংশ্লিষ্ট আরও বেশ কিছু খাত থেকে মোটা অঙ্কের অর্থ আয় করবেন নিকইয়াঙ্কা জুটি।

বিয়ের ছবির দাম

শুরুতে শোনা গিয়েছিল, নিকইয়াঙ্কার বিয়ের প্রথম ছবিটি কোনো এক আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হবে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি সেই সাময়িকীর নাম। তবে গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের ছবিগুলো হবু দম্পতি ২৫ লাখ ডলারে বিক্রি করছেন। নিলামে অগ্রিম বিক্রি হয় বিয়ের প্রথম ছবিটি।

 প্রিয়াঙ্কার জন্য গাইবেন নিক

বর যখন গায়ক, তখন নিজের বিয়েতে তো নিজেই গাইবেন। এতে অবাক হওয়ার কিছু নেই। জানা গেছে, গানে গানে হবু স্ত্রীকে চমকে দেওয়ার পরিকল্পনা করছেন নিক জোনাস। ৪৫ মিনিটের একটি বিশেষ পরিবেশনা তৈরি করছেন শুধু প্রিয়াঙ্কার জন্য।

 বাগদানের আংটি

বাগদানের আংটি কেনার জন্য পুরো দোকানই বন্ধ করে দেওয়া হয়েছিল! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল যখন প্রিয়াঙ্কা চোপড়ার জন্য টিফিনি স্টোর থেকে আংটি কিনতে গিয়েছিলেন নিক জোনাস। হীরা বিশেষজ্ঞ গ্র্যান্ট মব্লি জানান, ‘অসম্ভব সুন্দর নকশা করা এই আংটিতে প্লাটিনামের ওপর কুশন কাটের ডায়মন্ড ও এর চারপাশে ছোট ছোট কিছু ডায়মন্ড রয়েছে।’ প্রিয়াঙ্কার বাগদানের এই আংটির মূল্য ২ কোটি ১০ লাখ রুপি।

ফারিয়া এজাজ

হিন্দুস্তান টাইমস, এন্টারটেইনমেন্ট টুনাইট ও পিপল অবলম্বনে