বিয়ের আলোকচিত্র নিয়ে আয়োজন

বিয়ের আলোকচিত্র নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে ‘ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কমপিটিশন এবং এক্সপো-২০১৬’। বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ সম্মেলন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিয়ের ছবি নিয়ে তরুণদের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
এ আয়োজনে প্রদর্শনীর জন্য ফেসবুকে আলোকচিত্র আহ্বান করা হয়েছিল। হাজার খানেক ছবি থেকে বাছাই করা হয়েছে ২০০ ছবি। সেই ছবিগুলো নিয়ে প্রদর্শনী ছাড়াও এ আয়োজনে রয়েছে আলোকচিত্রের যাবতীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের প্রদর্শনী, বিক্রি ও আলোকচিত্র নিয়ে সেমিনার। আলোকচিত্র নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে বক্তৃতা দেন দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন আলোকচিত্রী।
দ্বিতীয়বারের এ আয়োজনে আজ সন্ধ্যায় সম্মাননা জানানো হয় আলোকচিত্রী রফিকুল ইসলামকে। সংস্কৃতিমন্ত্রীর হাত থেকে সম্মাননার ক্রেস্ট নেন তিনি। সম্মেলন ও প্রদর্শনী চলবে আজ ও কাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।