বিয়ের উপহার ১৪ কোটি রুপির ফ্ল্যাট-বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পাত্র ইউটিভি মোশন পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ রয় কাপুর। বিয়ে উপলক্ষে বিদ্যা বালান খুব শিগগিরই স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পেতে যাচ্ছেন ১৪ কোটি রুপির একটি ফ্ল্যাট। মুম্বাইয়ের জুহু এলাকার তারা রোডে বিদ্যার জন্য এই ফ্ল্যাটটি কিনেছেন স্বামী সিদ্ধার্থ রয় কাপুর। এক খবরে এমনটাই জানিয়েছে জি-নিউজ।বিয়ের পরই যাতে বিদ্যাকে নিয়ে নতুন ফ্ল্যাট উঠতে পারেন সে নিয়ে বেশ তোড়জোড় চলছে। বিদ্যার হবু বর সিদ্ধার্থ রয় কাপুর নাকি তাঁর কর্মস্থল থেকে বেশ কয়েকদিনের ছুটিও নিয়েছেন। তিনি এখন নিজেকে পুরোপুরি ব্যস্ত রাখছেন বাড়িটিকে বসবাসের উপযোগী করে তোলার কাজে। এদিকে বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে বিদ্যার ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘পুরোদমে বিদ্যা ও সিদ্ধার্থের বিয়ের প্রস্তুতির কাজ চলছে। মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য চেন্নাইয়ে যাবেন বিদ্যা ও সিদ্ধার্থ।’ উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও সিদ্ধার্থ রয় কাপুর। গত আগস্টে তাঁদের বিয়ের গুজব ছড়ালে প্রেমের বিষয়টি স্বীকার করেন তাঁরা। এরপর আবারও তাঁদের বিয়ের জোর গুঞ্জন উঠলে বিদ্যা বলেন, ‘আমরা বিয়ে করব, তবে বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’