বিয়ের খবর নিজেই জানেন না সুজানা!

অনেকেই নাকি বলে বেড়াচ্ছেন, আবারও বিয়ে করতে যাচ্ছেন সুজানা। আর এ খবর নাকি কেউ কেউ প্রকাশও করেছেন। বিষয়টি জানার পর থেকে বেশ চটেই আছেন সুজানা। প্রথম আলোকে সুজানা জানান, ‘আমার বিয়ে অথচ আমি নিজেই জানি না! কেন যে লোকজন এমন উল্টাপাল্টা সংবাদ প্রকাশ করে! এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে যে কী আনন্দ পায় সেটাই বুঝি না।’
বিয়ের সংবাদকে ভুয়া দাবি করে সুজানা ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। স্ট্যাটাসে সুজানা লেখেন, ‘এত ফেইক নিউজ করে কী মজা পায় বুঝি না কিছু।’
সুজানা ঐ পোস্টে সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘বাজে নিউজ না করে কাজ নিয়ে ভালো নিউজ করেন ভাই, প্লিজ ...।’ একই পোস্টে অভিযুক্ত সংবাদটির একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।
এদিকে, সুজানা এখন পুরোদমে ব্যস্ত কাজ নিয়ে। বললেন, ‘আমার ভাবনায় এখন শুধুই কাজ। আমি এখন আর কোনো কিছু নিয়েই ভাবতে চাই না। নাটকের পাশাপাশি আমি কিছু সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশেও থাকার চেষ্টা করছি।’
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে সুজানা অভিনীত নতুন একটি গানের ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন শোয়েব ও এলিটা। এতে সুজানার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন এবিএম সুমন।
নতুন গানের ভিডিও প্রসঙ্গে সুজানা বলেন, ‘গানটা শুনে ভালো লেগেছে, তাই মডেল হতে রাজি হই। ভিডিওটি প্রচারের পর থেকে সবার কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। আমিও কাজটি করে অনেক বেশি সন্তুষ্ট।’