বিয়ের চুক্তিপত্রে সই করলেন পিট-জোলি

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বাগদান সেরেছেন ২০১২ সালের এপ্রিলে। এবার ২০০ মিলিয়ন পাউন্ডের প্রাক-বিবাহ চুক্তিপত্রে স্বাক্ষর করলেন হলিউডের বহুল আলোচিত এ তারকা যুগল। বিয়ের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও, চলতি বছরের ক্রিসমাস উৎসবের সময়টাতে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তাঁরা।
১০১ পৃষ্ঠার বিশাল চুক্তিপত্র তৈরি করেছিলেন পিটের আইনজীবীরা। সম্প্রতি সেই চুক্তিপত্রে সই করেছেন পিট ও জোলি। চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে পিট এবং জোলির সম্পত্তির আর্থিক মূল্যমান যথাক্রমে ১১০ মিলিয়ন পাউন্ড এবং ৯০ মিলিয়ন পাউন্ড। জোলির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে ২০০ মিলিয়ন পাউন্ডের এ সম্পত্তি রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন পিট।
চুক্তিপত্রের শর্ত অনুযায়ী, কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেলে যৌথভাবে ছয় সন্তানের দেখভালের দায়িত্ব পালন করবেন পিট ও জোলি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চুক্তিপত্রে সই করার তেমন কোনো ইচ্ছে ছিল না জোলির। পিটের অনুরোধেই তিনি রাজি হয়েছেন। পিট কেবল রোমান্টিকই নন, অনেক বেশি প্র্যাকটিক্যাল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি রক্ষা এবং ছয় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই পিটের এমন সিদ্ধান্ত।
সাত বছর একসঙ্গে বসবাসের পর গত বছরের এপ্রিলে বাগদান সম্পন্ন করেন পিট-জোলি। তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তাঁর প্রথম মেয়ের নাম শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন জোলি। এ ছাড়া পিট-জোলির পালক তিন সন্তানের নাম ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।