বিয়ের দিন নিয়ে ভাবেননি বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক কবে নাগাদ বিয়ে করছেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী বিদ্যা বালান? সম্প্রতি এ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, কবে নাগাদ বিয়ে করবেন, সে সম্পর্কে এখনো কিছুই ভাবেননি। বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল, দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বিদ্যা বালান। গুজব উঠেছিল, চলতি বছরের ডিসেম্বর মাসেই গাঁটছড়া বেঁধে ফেলবেন ‘ডার্টি পিকচার’খ্যাত এ অভিনেত্রী। তবে সব গুজবে জল ঢেলে বিদ্যা জানিয়েছেন, ‘বিয়ে করছি, কিন্তু কবে করছি তা জানি না। আমি যখন বিয়ে করব, তখন সবাই সেই খবর জানতে পারবে। এ একটা বিষয় আমি পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করব।’ এক খবরে জানিয়েছে এনডিটিভি।বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর দুই বছর ধরে প্রেম করছেন। প্রথম দিকে এ জুটি তাঁদের সম্পর্কের বিষয়ে একেবারে চুপ ছিলেন। চলতি বছরের মে মাসে বিদ্যা বালান ‘বিশেষ একজনের’ সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ করেন। এই বিশেষ একজনটি হচ্ছেন সিদ্ধার্থ রায় কাপুর। প্রেম ও বিয়ে নিয়ে তখন তথ্য প্রকাশ করলেও কবে নাগাদ বিয়ে করবেন, তা নিয়ে একেবারেই চুপচাপ ছিলেন বিদ্যা। সম্প্রতি চাউর হওয়া খবরের পরিপ্রেক্ষিতে বিদ্যা জানিয়ে দিলেন, ‘যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই।’