বিয়ের পর ব্যাংককে অপি-নির্ঝর

অপি করিম ও এনামুল করিম নির্ঝরের বিয়ের খবরটি এরই মধ্যে সবাই জেনে গেছেন। গত শুক্রবার ব্যাংকক থেকে প্রথম আলোর কাছে বিয়ের পর তাঁদের একসঙ্গে তোলা একটি ছবিও ভাইবারে পাঠান নির্ঝর।
নির্ঝরকে ফোন করে অভিনন্দন জানাতেই বললেন ‘ধন্যবাদ’।
: কেমন আছেন?
: এই তো, ভালো আছি। আমার একটা প্রজেক্টের কাজ ছিল ব্যাংককে। ভাবলাম অপি সঙ্গে এলে ভালো হয়। তাই দুজনের একসঙ্গে এখানে আসা। কাজের ফাঁকে একসঙ্গে ঘোরাঘুরিও হলো।
বিয়ের প্রসঙ্গটি তুললেন নির্ঝরই। বললেন, ‘আমি একা ছিলাম, অপিও একা। দুজনের পরিচয় হওয়ার পর কথাবার্তার একটা পর্যায়ে বোঝাপড়া তৈরি হয়। পরিচয়ের পর পারিবারিক উদ্যোগে বিয়ের কথাবার্তা হয়েছে।’
নিজের ফোন থেকেই অপি করিমের সঙ্গে কথা বলিয়ে দেন নির্ঝর। শুভেচ্ছা জানাতেই ধন্যবাদ দিয়ে অপি বললেন, ‘আমাদের পুরো ব্যাপারটি পারিবারিকভাবে ঘটেছে। বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে আমাদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, তা পুরোপুরি ভুল।’
সামনের দিনের পরিকল্পনা কী—তা জানতে চাইলে অপি বললেন, ‘আমরা দুজন আমাদের মতো কাজ করব। যেহেতু দুজনের একটা বিষয়ে মিল, মানে দুজনেই আমরা স্থাপত্য বিষয়ের মানুষ, তাই কাজের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা অনেক বেশি উৎসাহ জোগাবে।’
নির্ঝর যোগ করলেন, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুজন দুজনের কাজ করে যাব। মনন ও মানসিকতায় যেহেতু মিল আছে, একসঙ্গেও কিছু কাজ হতে পারে। সবার কাছে এখন শুধু শুভকামনা চাই।’
ঈদের দিন পারিবারিকভাবে বিয়ে করেন নির্ঝর ও অপি। বিয়েতে অপির বাবা-মা এবং নির্ঝরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।