বিয়ের পর হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ অক্টোবরের কথা। চট্টগ্রাম থেকে নতুন বউ নিয়ে হাবিব ঢাকায় ফিরবেন। বাড়ির লোকজন হাবিবের বাসাটি ফুলে ফুলে ভরিয়ে রেখেছে। হাবিব তাঁর স্ত্রী রেহানকে নিয়ে প্রবেশ করলেন। সে এক তিক্ত অভিজ্ঞতা। ফুলের সংস্পর্শে আসতে পারেন না হাবিব। কারণ, তাঁর অ্যালার্জির সমস্যা আছে। নতুন বউ বরণের কারণে হাবিব কিছু বলেননি। কিন্তু কিছুক্ষণ পরেই হাবিবের সারা শরীর যেন ফুলে গেল। অসুস্থ হয়ে পড়লেন তিনি। বাসার সবাই চিন্তিত হয়ে ছোটাছুটি। বাসা থেকে সব ফুল সরিয়ে ফেলা হলো। হাবিব একটু একটু করে সুস্থ হয়ে উঠলেন।‘অন্যদিন হলে হয়তো রাগ করতাম। কিন্তু এমন দিনে কি কেউ রাগ করে, বলেন?’ বলছিলেন হাবিব।বিয়ের চতুর্থ দিন ছিল সেদিন। ফোন আর বাসার লোকজন—এ নিয়েই হাবিবের দিনটা কেটেছে। রাত ১২টা ২৫ মিনিটে হাবিবের কাছ থেকে সময় পাওয়া গেল। বেশ খুশি তিনি। চোখেমুখে যেন সুখী মানুষের ছায়া।জানতে চাইলাম, বিয়ের পরে এই চার দিনে হাবিবের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে?হাবিব অনেকক্ষণ ভাবলেন। ‘ইম্...কই, তেমন না তো। পরিবর্তনের মধ্যে এতটুকুই যে বাসার মধ্যে একজন নতুন মানুষ এসেছে। আমার পরিবারের সদস্যসংখ্যা বেড়েছে। আর এই কদিন আমি স্টুডিওতে যাইনি। এ ছাড়া আগের মতোই চলছে আমার জীবন।’রেহানের সঙ্গে আপনার পরিচয় কোথায় কীভাবে হলো?সে এক গল্পই বটে। হাবিবের মা অনেক দিন থেকেই ছেলের জন্য মেয়ে খুঁজছিলেন। প্রায় তিন মাস আগে মা হাবিবকে বললেন, তিনি একটি মেয়ের সন্ধান পেয়েছেন। মায়ের কথামতো হাবিব একদিন রেহানকে দেখলেন। তাঁদের কথা হলো। দুজন দুজনকে জানলেন। কে কী পছন্দ করে, সেটিও জেনে নিলেন। প্রথম দর্শনে রেহানকে হাবিবের পছন্দ হলো ঠিকই, কিন্তু এর পরে হলো বোঝাপড়া। হাবিব অনেকগুলো বিষয় নিয়ে রেহানের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। হাবিবের লাইফস্টাইল কী তা বলেছেন। নিজের জীবনের সঙ্গে সংগীত জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে—সে কথাও বলেছেন। এরপর ঘটনা বেশ দ্রুত ঘটতে থাকে। হাবিব কোনো কিছু না জানলেও হাবিবের মা ও রেহানের মা-বাবা বিয়ের দিনক্ষণ ঠিক করেন। বিয়ের আগের দিনও বিষয়টি হাবিবকে জানানো হয়নি। বিয়ের আগের দিন চট্টগ্রামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে হাবিবকে নিয়ে চট্টগ্রামে চলে যান তাঁর মা। সেখানে গিয়ে রাতে জানতে পারেন কাল বিয়ে।বিয়ের পর হাবিবের সঙ্গে রেহানের গান নিয়ে কী কথা হলো? ‘আমি নিজে থেকে জানতে চাইলাম, তুমি কি আমার গান শোনো? ও বলল আমার গানের ভক্ত। যদিও প্রায় ১৫টি বছর ছিল সৌদি আরবে। তার পরও দেশে এসে আমার গান শোনার পরেই ভক্ত হয়ে যায়। জানতে চাইলাম, তুমি কোন গানটি বেশি পছন্দ করেছ? রেহান এমন একটি গানের কথা বলল, যে গানটির কথা আমজনতা বলে না। আমার প্রথম অ্যালবামের এলোমেলো মন গানটি নাকি ওর খুব পছন্দ। আমি ওকে বললাম, তুমি গানটি গাও তো। রেহান গানটি গাইল। দেখলাম, বেশ ভালোভাবেই গাওয়ার চেষ্টা করেছে।’ বললেন হাবিব।রেহান কি খুবই রাগী, নাকি আপনি বেশি রাগী?‘কী যে বলেন। রেহান তো খুবই নরম প্রকৃতির মানুষ। আমার মনে হয় না ওর কোনো রাগ আছে। রাগ থাকলে আমার আছে।’এত তাড়াতাড়ি কীভাবে বুঝলেন?আরে, বোঝা যায়। এক দিনেই বোঝা যায়, সে কি রাগী নাকি রাগী নয়।প্রসঙ্গ পাল্টে জানতে চাই, দীর্ঘদিন থেকেই গুজব ছিল, আপনি বিনোদন ভুবনের এক মডেল কন্যার সঙ্গে প্রেম করেছেন। সেটি আসলে নিছকই গুজব ছিল, নাকি প্রেমের সম্পর্কটা টেকেনি?হাবিব হাসলেন। ‘দেখুন, আমিও শুনেছি। কিন্তু বাস্তবতা কি তা-ই বলে? তা ছাড়া কারও সঙ্গে জানাশোনা থাকতে পারে। ভালো সম্পর্ক হতে পারে। যা হোক, যা হয়নি তা নিয়ে কথা না বলাই ভালো। অনেক কথাই তো শোনা যায়, তার কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তা সময়ই বলে দেয়। যেমন আমার বিয়ে বলে দিচ্ছে গুজবের সত্যতা কতটুকু ছিল।’অনেকেই বলেন, হাবিব এতটা দরদ দিয়ে গান গায় নিশ্চয়ই তার ভালোবাসার মানুষের জন্য। এখন তো ভালোবাসার মানুষটি হাতের নাগালেই। তাহলে আগামীর গানগুলো কাদের জন্য গাইবেন?হাবিব অট্টহাসিতে ফেটে পড়লেন যেন। ‘মজা লাগল কথাটা শুনে। দেখুন, আগে এবং বিয়ের পরে আমার যত গান—সবই আসলে বাংলা ভাষাভাষী প্রেমিক-প্রেমিকাদের জন্য। আমরা শিল্পীরা আসলে তাঁদের মনের কথাগুলো বলি, তাঁদের দুইয়ের মধ্যে যোগসূত্র হয় আমাদের গান। আমাদের গান তাঁদের ভাবায়, তাঁদের কাঁদায়। এখানেই আমাদের শিল্পীদের সার্থকতা। তাই আমি যত গান করি এবং গাইব—সবই হবে শুধুই প্রেমিক-প্রেমিকাদের জন্য।’নিজের বা স্ত্রী রেহানের জন্য কোনো গান গাইবেন না?হাবিব এবারে যেন একটু ধাঁধায় পড়ে গেলেন। ‘হয়তো গাইব, কিন্তু সেই গান থাকবে শুধু আমার আর রেহানের জন্য। আমাদের চার দেয়ালের গান। এ গান শ্রোতাদের জন্য নয়।’অনেক রাত হয়ে গেছে। রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হুইসেল বাজিয়ে শহরবাসীর নিরাপত্তা দিচ্ছেন। দু-একটা কুকুর মাঝেমধ্যে ডাকছে। এক-দুটি যন্ত্রদানবও শব্দ তুলে শহরের রাস্তা কাঁপিয়ে ছুটে চলেছে। ক্লান্ত হাবিবের চোখে ঘুম এসেছে। সেদিনের মতো কথা শেষ করতে হলো হাবিবের সঙ্গে। বললেন, ঈদের ছুটিতে তিনি স্ত্রীকে নিয়ে হানিমুনে যাবেন। কদিন কোনো কাজ করা হয়নি। এই কটা দিন শুধু গান আর গান।