বিয়ের ফাঁদে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

শিরোনাম দেখে ভাবছেন, ফেরদৌস আবার বিবাহ-সংক্রান্ত জটিলতায় জড়ালেন কি? আজ্ঞে না! এ বিয়ের ফাঁদ মোটেই ফেরদৌসের মন উতলা করেনি। বরং তাঁর পরবর্তী কাজের কথাই মনে করিয়ে দিচ্ছে।
সব ঠিকঠাক থাকলে আসছে ঈদুল আজহায় কিংবা এর আগেই রুপালি পর্দায় জেঁকে বসার পরিকল্পনা করছেন ফেরদৌস। তবে অপেক্ষায় নেই প্রযোজক ফেরদৌস। তাঁর প্রযোজিত প্রথম ছবি এক কাপ চা মুক্তির আগেই তিনি দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ভাবতে শুরু করেছেন। তাঁর পরবর্তী ছবির নাম বিয়ের ফাঁদ। প্রফুল্ল রায়ের ছোটগল্প অবলম্বনে লেখা। পাণ্ডুলিপি তৈরি আছে। যা নিয়ে কাজ করবেন পরিচালক বাসু চ্যাটার্জি। কারা অভিনয় করবেন, কবে থেকে শুরু হবে শুটিং, সে বিষয়গুলো চূড়ান্ত হয়নি এখনো। তবে এক কাপ চা মুক্তির পর পরই পুরোদমে নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানালেন ফেরদৌস।
এক কাপ চা ছাড়াও ফেরদৌস অভিনীত চার অক্ষরের ভালোবাসা আর বৃহন্নলা রয়েছে মুক্তির মিছিলে।
ছবি তো প্রযোজনা করবেন, কিন্তু ফেরদৌস চিন্তিত দেশের প্রেক্ষাগৃহগুলো নিয়ে। ঢাকায় উন্নত প্রদর্শন ব্যবস্থা থাকলেও, ঢাকার বাইরে ভালো প্রেক্ষাগৃহ বলতে গেলে নেই। ফেরদৌস বললেন, ‘উন্নত প্রেক্ষাগৃহের অভাব থাকলেও বর্তমানে ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে, এটা শিল্পের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। গেল ঈদেও প্রেক্ষাগৃহগুলোয় দর্শক সমাগত হয়েছে। এটা আনন্দের সংবাদ। দেশের প্রেক্ষাগৃহগুলো আরও উন্নতমানের হলে দর্শকেরা আবার অতীতের মতো প্রেক্ষাগৃহে ফিরে আসবে।’