বিয়ের মহড়া
কুচকাওয়াজের মহড়া হয়, নাটকের মহড়াও হামেশাই দেখি আমরা। কিন্তু বিয়ের মহড়া! বিষয়টির সঙ্গে অনেকেই হয়তো অভ্যস্ত নন। যে দুটি মানুষকে ঘিরে বিশাল আনন্দযজ্ঞের আয়োজন, যাঁদের একনজর দেখার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে, তাঁরা তো যেনতেনভাবে জনসমক্ষে হাজির হতে পারেন না। আজ শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটিশ রাজপরিবারের অংশ হতে চলেছেন কেট। লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টায় গির্জা প্রাঙ্গণে তিনি সাধারণের মতো ঢুকবেন। আর বের হবেন প্রিন্সেস বা রাজকুমারী উপাধি নিয়ে। বিয়ের জাঁকালো আয়োজনকে মোটামুটি নিখুঁত করে তুলতে গত বুধবার সন্ধ্যায় উইলিয়াম-কেট শেষবারের মতো মহড়ায় অংশ নেন। সূর্য সবে অস্ত গেছে, এমন সময় গির্জার সামনে র্যাঞ্জ রোভার থেকে নামলেন হবু দম্পতি। তখন উইলিয়ামের পরনে ধূসর রঙের স্যুট ও কেটের পরনে ছিল কালো জামা। তাঁদের পেছন পেছন রুপালি রঙের ভ্যানে চড়ে এলেন বরের ছোট ভাই প্রিন্স হ্যারি ও কনের ছোট বোন পিপ্পা মিডলটন। এ সময় আশপাশের রাস্তায় অসংখ্য মানুষ ভিড় জমায়। পুলিশের একটি দল লোকজনকে দূরে সরিয়ে দেয় এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়।‘যুক্তরাষ্ট্রে হলে এমন লোকসমাগমের ভেতর থেকে চিৎকার শোনা যেত। কিন্তু এখানে সবাই ছিল চুপচাপ এবং শান্ত। বর-বধূ মিনিট খানেক দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নেড়েছেন।’ ভিড়ের মধ্য থেকে ক্যারোলিন হুগটন নামের একজন এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানালেন।এরপর হবু দম্পতি গির্জার ভেতরে ঢোকেন এবং সেখানে দেড় ঘণ্টামতো সময় মহড়ায় ব্যস্ত থাকেন। গির্জা থেকে বেরিয়ে উইলিয়াম বাড়ি ফেরেন। আর কেট যান গোরিং হোটেলে। কুমারীজীবনের শেষ সন্ধ্যাটা তিনি আলিশান হোটেলের একটি স্যুটে কাটান। বিয়ের পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে দুপুর একটা থেকে।