বিয়ের রাতেই শুটিংয়ে ছুট
বিয়ের রাতেই ছোটপর্দার অভিনেতা সাঈদ বাবুকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হয়েছে। অবশ্য এ সফর মধুচন্দ্রিমার জন্য নয়, সাঈদ বাবু একটি টেলিছবির শুটিং করতে টাঙ্গাইল গেছেন। হিন্দোল রায়ের পরিচালনায় টেলিছবিটির নাম ‘দাবা’। টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাঈদ বাবু গতকাল বুধবার ১২.১২.১২ তারিখে রাজধানীর একটি রেস্তরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কনে নাজমুন নাহার। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পারিবারিকভাবে সাঈদ বাবু ও নাজমুন নাহারের বিয়ের আয়োজন করা হয়। গতকাল রাতে টাঙ্গাইল যাওয়ার আগে সাঈদ বাবু প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিয়ের রাতে শুটিং, অবাক হওয়ার মতোই ঘটনা। বিয়ের রাতে শুটিং করার কোনো ইচ্ছে আমার নিজেরও ছিল না। কিন্তু আতিক ভাই (নির্মাতা নুরুল আলম আতিক) এমনভাবে বললেন, শেষ পর্যন্ত আর না করতে পারলাম না।’সাঈদ বাবু আরও বলেন, ‘টেলিছবিটিতে কাজ করার জন্য আজ থেকে দেড়-মাস আগেই নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। গল্পটা ভালো লাগা সত্ত্বেও কাজটি করতে রাজি ছিলাম না। কারণ ১২.১২.১২ তারিখে আমার বিয়ের দিনটি ঠিক করা ছিল। কিন্তু পরিচালক নিজেও ছিলেন নাছোড়বান্দা। সবকিছু মিলে অবশেষে টেলিছবিটির শুটিং করতে হচ্ছে।’‘দাবা’ টেলিছবিতে সাঈদ বাবু ছাড়া আরও অভিনয় করবেন আলী যাকের ও ডায়না।