বীরকন্যা প্রীতিলতা স্মরণ
‘বীরকন্যা প্রীতিলতার লেখা পড়লে বোঝা যায়, তাঁর লড়াই ছিল দুই ধারায়। প্রথমত, বিদেশি অপশাসনের বিরুদ্ধে; দ্বিতীয়ত, পিতৃতান্ত্রিক সমাজে বিদ্যমান নারীর প্রতি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে।’ গতকাল শনিবার রাজধানীর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মশতবর্ষ ও ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত স্মরণানুষ্ঠনে ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান ও তার প্রাসঙ্গিকতা’ বিষয়ক মূল বক্তব্যে প্রবন্ধকার রেজিনা বেগম এই মূল্যায়ন করেন।প্রবন্ধে রেজিনা বেগম আরও বলেন, প্রীতিলতার নেতৃত্বে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে সফল আক্রমণ তাঁর দেশপ্রেমের সাক্ষ্য বহন করে। অন্যদিকে আত্মদানের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করেন, পুরুষের চেয়ে মানসিক দিক থেকে নারী কোনো অংশেই দুর্বল নয়। বরং প্রয়োজনে নিজের জীবন দানের মতো সিদ্ধান্ত নিতেও সে সক্ষম। স্মরণানুষ্ঠানে প্রীতিলতার বিদায়বাণী, তাঁর ঘনিষ্ঠ সহকর্মী বিপ্লবী কল্পনা দত্তের রচনা, প্রীতির ভাগনি নন্দিতা ঘোষ রচিত উপন্যাস উত্তাল যৌবন থেকে ও মাস্টারদা সূর্য সেন-এর রচনা পাঠ, আবৃত্তি এবং স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের শিল্পীদের গণসংগীত পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘প্রীতিলতা ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেন। বাঙালির মুক্তির সংগ্রামে নারীর ভূমিকাটি প্রথম শুরু হয়েছে প্রীতিলতার আত্মাহুতির মধ্য দিয়ে। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করছি।’ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম: প্রীতিলতার জীবনসংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম বেগবান করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। গতকাল প্রীতিলতার আত্মাহুতি দিবসে ফোরামের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।ফোরামের ঢাকা নগর শাখার সভাপতি সুলতানা আকতারের সভাপতিত্বে রাজধানীর ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী, নাসিম আক্তার হুসাইন প্রমুখ বক্তব্য দেন।নিজ গ্রামে প্রীতিলতাকে স্মরণ: আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও পটিয়া প্রতিনিধি জানান, সবুজ ছায়াঘেরা পটিয়ার ধলঘাটের নিজ গ্রামে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯তম আত্মাহুতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে স্থানীয় লাভ দ্য চিলড্রেন কার্যালয়ে ছিল আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, প্রীতিলতা-সূর্য সেনের মতো অনেক আত্মত্যাগীর পথ অনুসরণ করে উপমহাদেশ মুক্ত হয়েছে ঔপনিবেশিক শাসন থেকে।প্রধান অতিথি ছিলেন ঢাকায় ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী।