বীরাঙ্গনা উৎসব
‘এমনিতে বর্তমান সময়টা আমাদের স্বাধীনতার ৪০ বছর। এ ছাড়া সারা পৃথিবী হানাহানি, সন্ত্রাসে ছেয়ে গেছে। মানুষের মানবিকতার জায়গা হারিয়ে যাচ্ছে। আর এই নাটকের প্রেক্ষাপট যুদ্ধবিরোধী। নাটকটির মূল জায়গা সমকালীন ভাবনায় মিলে গেছে। ফলে এ ধরনের নাটক এখন আরও বেশি প্রয়োজন। এ কারণেই টানা চারটি প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বলছিলেন কহে বীরাঙ্গনা নাটকের নির্দেশক শুভাশিস সিনহা। আগামীকাল থেকে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ‘বীরাঙ্গনা উৎসব’ শিরোনামে দুই দিনের মঞ্চায়ন শুরু হচ্ছে নাটকটির। দুই দিনে চারটি প্রদর্শনী হবে। ৪ ফেব্রুয়ারি দুটি, ৫ ফেব্রুয়ারি দুটি প্রদর্শনী হবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী চলবে। শুভাশিস সিনহা বললেন, ‘নাটকটিতে দেখা যায়, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যেসব স্বামী অংশ নিয়েছিলেন, তাঁদের স্ত্রী প্রেমের আহ্বানে তাঁদের ফেরাতে চেয়েছিলেন। মানুষের প্রকৃত মুক্তি যুদ্ধের শক্তি দিয়ে নয়, প্রেমের শক্তিতেই প্রকৃত মুক্তি। তিনি বলেন, নাটকটির উপস্থাপনাশৈলী সমকালীন ভাবনাকে ছুঁয়ে গেছে। ফলে নাটকটির বর্তমান আবেদন অনেক বেশি। এ কারণে আমরা খুব অল্প সময়ে নাটকটির প্রায় আটটি প্রদর্শনী শেষ করতে পেরেছি।’ নাটকটির কলাকুশলীরা মণিপুরি সম্প্রদায়ের। পুরো নাটকটি মঞ্চে এসেছে মণিপুরি আঙ্গিকেই। তবে সংলাপ বাংলায়। নাটকটির চারটি প্রদর্শনীতে চারজন নারী নাট্যজন উপস্থিত থাকবেন। প্রথম প্রদর্শনী উদ্বোধন করবেন ফেরদৌসী মজুমদার, দ্বিতীয় প্রদর্শনীতে থাকবেন লাকী ইনাম। পরের দিন প্রথম প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সারা যাকের আর দ্বিতীয় প্রদর্শনীতে থাকবেন রোকেয়া রফিক বেবী। প্রতিটি প্রদর্শনী শেষে নারী নাট্যজন মঞ্চে উঠে নাটকটির মূল্যায়ন বক্তব্য দেবেন। নাটকটিতে অভিনয় করেছেন জ্যোতি সিনহা, কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন স্মৃতি সিনহা, শুক্লা সিনহা, সুনন্দা সিনহা ও ভাগ্যলক্ষ্মী সিনহা।