বুকে বিক্রমপুর, ‘দোস্তজি’ নিয়ে প্রথমবার ঢাকায়
প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। ২০২১ সালের অক্টোবরে ৬৫তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি নিজের প্রথম ছবি ‘দোস্তজি’ নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। ইউটিউবে দেখা। দেশভাগের ক্ষত বুকে নিয়ে বেড়ে ওঠা এক তরুণের নির্মাতা সত্তা আর ব্যক্তিসত্তা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই কথোপকথনে। তারপর সময় তরতর করে এগিয়েছে। এরপর একদিন গ্রিন রোডে দেখা হয়ে যায় প্রসূনের সঙ্গে। এই তাঁর প্রথম এপারে (বাংলাদেশে) আসা। এসেছেন কাঁটাতারের এপাশের মানুষকে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘দোস্তজি’ দেখাতে।
সফিকুল আর পলাশকে নিয়েই প্রসূনের ‘দোস্তজি’। বাবরি মসজিদে হামলা, মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা—এই সবকিছুর ব্যাকড্রপে সিনেমার এই দুই মুখ্য চরিত্র মনের আনন্দে ঘুড়ি ওড়ায়। যে ঘুড়ি কড়া কাঁটাতারের বেড়া পেরিয়ে মুর্শিদাবাদের আকাশ ছাপিয়ে ‘বেআইনিভাবে’ ঢুকে পড়েছে রাজশাহী। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮ ও ২১ জানুয়ারি দুই দিন দেখানো হলো দোস্তজি। কিন্তু বিধি বাম! এক দিনও উপস্থিত থাকতে পারেননি এই পরিচালক। কোভিড পজিটিভ হয়ে হোটেলের একটি কক্ষে নিভৃতবাসে ছিলেন তিনি। ঢাকার দর্শক যখন দোস্তজি দেখছে, প্রসূন তখন হোটেলের ছোট্ট একটি বারান্দা থেকে দেখেছেন ইট–পাথরের ঘরবাড়ির মধে৵ এ শহরের মানুষের ইতিউতি আনাগোনা, হর্ন বাজিয়ে গাড়ির আসা–যাওয়া আর ক্রমশ বদলে যেতে থাকা একচিলতে আকাশ।
‘দোস্তজি’র প্রিমিয়ার হলো ৬৫তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। পর্দায় ক্রেডিট লাইন চলছে। অল্পসংখ্যক বাঙালি আর শতকরা ৮০ ভাগেরও বেশি ব্রিটিশ দর্শক ততক্ষণে চোখে সবকিছু ঝাপসা দেখছেন। থেকে থেকে আসছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। সেদিন প্রসূন বুঝলেন, তিনি পেরেছেন।
পড়েছিলেন পদার্থবিজ্ঞান নিয়ে। মানুষের সঙ্গে বিশেষ করে সীমান্তের মানুষদের সঙ্গে মিশতে মিশতে তাঁর বুকের ভেতরে গল্প জট বেঁধে ক্রমেই ভার বাড়তে থাকে। সেই গল্প না বলে ফেলা পর্যন্ত আর গা ঝাড়া দিয়ে হালকা হয়ে ওঠা হচ্ছে না। তাই ২০১৩ সাল থেকে লেখা শুরু করলেন নিজের ভেতরে জমাট বাঁধা আওয়াজ। বছরের পর বছর ধরে সময় কাটালেন ভারতের মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায়। সেখানকার আলো–হাওয়া এনে দিল আরও অনেক কথা। এক দিন দুই দিন করে ক্যামেরার চোখে সেই সব বুনে বুনে হয়ে গেল সিনেমা ‘দোস্তজি’। যে সিনেমায় নিষ্পাপ বন্ধুত্ব একসময় অন্তিম বিচ্ছেদ হয়ে হাহাকার কেটে যায় মনের মধ্যখানে।
‘দোস্তজি’র প্রিমিয়ার হলো ৬৫তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। পর্দায় ক্রেডিট লাইন চলছে। অল্পসংখ্যক বাঙালি আর শতকরা ৮০ ভাগেরও বেশি ব্রিটিশ দর্শক ততক্ষণে চোখে সবকিছু ঝাপসা দেখছেন। থেকে থেকে আসছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। সেদিন প্রসূন বুঝলেন, তিনি পেরেছেন। সিনেমার ভাষায় মনের জানালা খুলে বিশ্বের দর্শকদের নিজের ভেতরটা দেখাতে পেরেছেন। হল থেকে বেরিয়ে এলেন। ব্রিটিশ প্রেসের সামনে তিনি উত্তর দিচ্ছিলেন নানা প্রশ্নের। হঠাৎ চোখাচোখি হলো কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সত্তরোর্ধ্ব এক নারীর সঙ্গে। চোখের ভাষা পড়ে ফেলে দুজনে এগিয়ে গেলেন দুজনের দিকে।
সেই নারী জানান, তাঁর সন্তানেরা সবাই যার যার মতো সেটেলড। এই বৃদ্ধ বয়সে তিনি থাকেন ছোটবেলার এক বান্ধবীর সঙ্গে। সেই বান্ধবীর আবার সম্প্রতি বিচ্ছেদ হয়েছে। দুজনেই বলতে গেলে একা। প্রসূনকে জড়িয়ে ধরে আদর করে সেই নারী বললেন, ‘আজ থেকে বাড়ি গিয়ে আমি আমার বান্ধবীকে ডাকব দোস্তজি।’
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখল তাঁর ছবি, তবে প্রসূনের দেখা হলো না উৎসব। তাই তাঁর সঙ্গে আলাপচারিতায় ঘুরেফিরে এল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের অভিজ্ঞতার কথা। বললেন, ‘সে এক বিরাট কারবার। বিশাল উঁচু উঁচু হল। একের পর এক মার্সিডিজ আর রোলস রয়েলস আসছে, যাচ্ছে। চকচকে গাড়ির দরজা খুলে নামলেন ড্যানিয়েল ক্রেগ। “নো টাইম টু ডাই” (জেমস বন্ডের ২৫তম সিনেমা)–এর প্রিমিয়ারে অংশ নিতে। কিছুক্ষণ পর দেখি উইল স্মিথ। একটু থিতু হতেই নজরে পড়ল আমার পরনে পায়জামা–পাঞ্জাবি, একটি চাদর জড়ানো, পায়ে চটি আর পাশে জর্জ ক্লুনি।’ সেখানেই অস্কারজয়ী ইরানি নির্মাতা আসগর ফরহাদির সঙ্গে আধা ঘণ্টা কথা হয়েছিল প্রসূনের। কৌতূহল চেপে রাখা গেল না। কী কথা হলো? প্রসূন বললেন, ‘আমি শুরুতে তাঁকে কেবল একবার ছুঁয়ে দেখতে চাইলাম।
তারপর তিনি বললেন, “প্রথম ছবি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হলো, এখন তুমি সবার চেয়ে আলাদা হয়ে গেলে। এখন তোমার জীবনযাত্রা জটিল হয়ে গেল। এর মাঝেও চেষ্টা করবে নির্মোহ থাকার। চেষ্টা করবে শিকড়ের সঙ্গে মিশে থাকার।”’ প্রসূনের বাবা বলে দিয়েছেন, ঢাকা থেকে ফেরার সময় যেন ছেলে একটি পাত্রে করে বিক্রমপুরের মাটি আনে। তিনি ভারতের কলকাতার দমদমের বাড়িতে বসে কেবল স্পর্শ করতে চান। এই নির্মাতার বাবা যখন বাংলাদেশ ছাড়েন, তখন তিনি (বাবা) পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রসূনের মায়ের আদি বাড়িও বাংলাদেশের ফরিদপুর। যতবার বাংলাদেশ নিয়ে কথা বলছেন, চোখ ঠিকরে বেরিয়ে আসছে আবেগ। আটকা পড়ে আছেন, তবু যেন কোত্থেকে কেমন একটা শান্তি নেমে এসে পরশ বুলিয়ে যাচ্ছে। নিজেকে তিনি বলেন ‘ফার্স্ট জেনারেশন মাইগ্র্যান্ট’।
তবে বিক্রমপুর নিয়ে কোনো আবেগ পৈতৃক সূত্রে পাননি। তবে কার কাছ থেকে? ‘আমার দাদি। তিনি যতকাল বেঁচে ছিলেন, আমার ভেতরে নিখুঁতভাবে স্পষ্ট করে একটা স্থায়ী বিক্রমপুর এঁকে দিয়েছেন।’ প্রসূনের মায়ের আদি বাড়িও বাংলাদেশের ফরিদপুর। যতবার বাংলাদেশ নিয়ে কথা বলছেন, চোখ ঠিকরে বেরিয়ে আসছে আবেগ। আটকা পড়ে আছেন, তবু যেন কোত্থেকে কেমন একটা শান্তি নেমে এসে পরশ বুলিয়ে যাচ্ছে। নিজেকে তিনি বলেন ‘ফার্স্ট জেনারেশন মাইগ্র্যান্ট’।
সফিকুল আর পলাশকে নিয়েই প্রসূনের ‘দোস্তজি’। বাবরি মসজিদে হামলা, মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা—এই সবকিছুর ব্যাকড্রপে সিনেমার এই দুই মুখ্য চরিত্র মনের আনন্দে ঘুড়ি ওড়ায়। যে ঘুড়ি কড়া কাঁটাতারের বেড়া পেরিয়ে মুর্শিদাবাদের আকাশ ছাপিয়ে ‘বেআইনিভাবে’ ঢুকে পড়েছে রাজশাহী।
ইতিমধ্যে তিনি করোনার ‘নেগেটিভ’ রিপোর্ট হাতে পেয়েছেন। একটু ‘থিতু’ হয়ে ছুটবেন বিক্রমপুরে। বুকের ভেতর যে জায়গাটি নিয়ে তাঁর ছুটে বেড়িয়ে এই পর্যন্ত আসা, সেই পথ, গাছ ও ঘর নিজে চোখে দেখবেন। সেই হাওয়ায় শ্বাস নেবেন। তারপর আবার ফিরে যাবেন নিজের দেশে। তবে কথা দিলেন, আবার আসবেন। বারবার আসবেন। আর এসে ঘুরে ঘুরে বেড়াবেন এই দেশের পথে–প্রান্তরে। কেননা, পরের ছবির গল্পটি যে কাঁটাতারের এপার আর ওপার ছাপিয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া সম্পর্কের। কোনো এক কালের যে সম্পর্ক থেকে আজও চুইয়ে চুইয়ে নীরবে রক্তক্ষরণ হয় বুকের কোনো এক গভীর হ্রদ থেকে।