বুঝি ফিরে এল সুদিন
অনেকগুলো ভালো নাটক এখন ঢাকার মঞ্চে। বহুদিন পর মঞ্চনাটকের একক ও সম্মিলিত শক্তি যেন টের পাওয়া যাচ্ছে।খেয়াল করে দেখেছেন, ঢাকার মঞ্চে এখন যে নাটকগুলো প্রদর্শিত হচ্ছে, তার সবগুলোই দেখার মতো? কত দিন পর নাটকের এমন সুদিন এল! আপনি এখন ইচ্ছে করলেই শিল্পকলা একাডেমীর যেকোনো মঞ্চে একটি নাটক দেখে আসতে পারেন। বেরিয়ে আসার পর আফসোস থাকবে না।স্বাধীনতার পর জোয়ার এসেছিল গ্রুপ থিয়েটার আন্দোলনের। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সংগ্রহ করতে হতো সেই নাটকের টিকিট। একটি টিকিট পাওয়ার জন্য কী যে অপেক্ষা!সে সময় প্রবল প্রতাপে মঞ্চ কাঁপাচ্ছিলেন মোহাম্মদ জাকারিয়া, আবদুল্লাহ আল-মামুন, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, আবুল হায়াত, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সারা যাকের, মামুনুর রশীদরা। তাঁদেরই সঙ্গে তখন পাল্লা দিয়ে অভিনয় করছেন আল মনসুর, রাইসুল ইসলাম আসাদ, হাবিবুল হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মিতা চৌধুরী, নায়লা আজাদ নূপুর, হুমায়ুন ফরীদি, তারেক আনাম খান, আফজাল হোসেন, শিমূল ইউসুফ। কিছুদিন পর এস এম সোলায়মান এলেন। এরপর শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, আজাদ আবুল কালাম, আফসানা মিমি, বিপাশা হায়াত, শমী কায়সাররাও এলেন মঞ্চে। বেইলি রোডের নাটকপাড়া তখন সরগরম।বেশ চলছিল মঞ্চনাটক। সামরিক শাসনামলে সংস্কৃতি তার নিজের ভাষায়ই মুক্তির পথ রচনা করে। আমাদের মঞ্চনাটক নানাভাবে সে কাজটিও করেছে সফলভাবে। কিন্তু একসময় দেখা গেল, মঞ্চের প্রতি আগ্রহ কমছে দর্শকের। সেটা নতুন নতুন টিভি চ্যানেলে ইচ্ছেমতো রিমোট ঘোরালেই নাটক দেখা যাচ্ছে, মঞ্চের মেধা মিশে যাচ্ছে সেই স্রোতে; সে কারণে, নাকি বাজার-অর্থনীতির যুগে ঢুকে সংস্কৃতির কাছ থেকে চাওয়া-পাওয়ার হিসাবটিই পাল্টে গেল, তা নিয়ে পরে গবেষণা হতে পারে। কিন্তু সত্য হলো, যে আগ্রহ নিয়ে দর্শক মঞ্চনাটক দেখতে যেত, সে আগ্রহে ভাটা পড়েছিল।এরপর একটি-দুটি ভালো নাটকের পাশাপাশি অজস্র মধ্যম বা নিম্নমানের নাটক এসেছে মঞ্চে। মনে হচ্ছিল, মঞ্চনাটক হয়তো ধীরে ধীরে পতনের পথে রওনা হলো।কিন্তু কী অবাক করা ব্যাপার! এখন আবার দেখা যাচ্ছে মঞ্চনাটকে প্রাণের স্পন্দন। ভাবনায়, বিষয়ে, আঙ্গিকে, অভিনয়ে দেখা যাচ্ছে মেধার স্ফুরণ। কত কিছু মিশছে নাটকে! প্রসেনিয়ামের পাশাপাশি লোকজ রীতি, বিভিন্ন রীতির সমন্বয় ইত্যাদি নিরীক্ষাও দেখা যাচ্ছে। যাঁরা নাটক-মন্দার যুগে হাল ধরে রেখেছিলেন, তাঁরা তৃপ্ত হতেই পারেন। মঞ্চনাটকে আবার রক্তসঞ্চালন হচ্ছে। এ বড় আশার কথা।কয়েক মাসের মধ্যে বেশ কিছু নাটকের দল নতুন নাটক এনেছে। কোনোটির নাট্যকার দেশের, কোনোটির বিদেশি। তাতে কিছু আসে-যায় না। নাটক দেখে মন ভরছে কি না, সেটাই বোঝার বিষয়। মন ভরবে, সে কথা বলে দেওয়া যায়। আসুন না, নাটকগুলো নিয়ে একটু কথা বলি।মহাজনের নাও গীতল নাটক। আমাদের কৃষিভিত্তিক সমাজব্যবস্থা, আমাদের জল, ফুল-পাখি, আকাশ মিলেমিশে যে লোকজ ধারাটির জন্ম দেয়, তারই নির্যাস পাওয়া যাবে এ নাটকে। শাকুর মজিদ লিখেছেন এটি, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। গীত-নৃত্য-বাদ্য মিলে যে অভিনয় হয়, তাতেই আস্থা রেখেছেন নির্দেশক। শাহ আবদুল করিমের জীবন নিয়ে তৈরি নাটকটি দেখলে আমাদের চিরায়ত নাটকের আস্বাদ থেকে বঞ্চিত হতে হবে না। সব বাদ দিন, সুকণ্ঠে গীত গানগুলোর জন্যই তো নাটকটি দেখা যায়। নাটকটি মঞ্চে এনেছে সুবচন নাট্য সংসদ।মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রের অভিনয়ে রয়েছে ভিন্নতা। একেক মাধ্যমে অভিনয়টাও হতে হয় একেক রকম। টেলিভিশনে যদি মঞ্চের মতো অভিনয় করা হয়, তাহলে যেমন মুশকিল, তেমনি মঞ্চেও টেলিভিশনের ধারার অভিনয় হালে পানি পায় না। থিয়েটার আরামবাগের জন্মসূত্র নাটকটি মঞ্চনাটক হিসেবেই তৈরি হয়েছে। ভিন্ন সময়ের দুটো ঘটনা নিয়ে কাহিনি। সহজ বয়ানেই ধরার চেষ্টা করা হয়েছে গভীরতা। পরিচয়-সংকটে পড়া মানুষের মনের আকাশ নিয়েই কৌতূহলী দর্শক-শ্রোতার তৃষ্ণা মেটাবে নাটকটি। লেখা আর নির্দেশনা গাজী রাকায়েতের।কাজী নজরুল ইসলামের পরিচিতি বিদ্রোহী কবি হিসেবেই, কিন্তু রসিক পাঠক নজরুলে ঢুকে অনায়াসেই পেয়ে যেতে পারেন তাঁর প্রেমিক মনের পরিচয়। হূদয় জয় আর যুদ্ধ জয় সমান সহজ নয়—এই কথাকেই ভিত্তি ধরে এগিয়েছে দ্রোহ প্রেম নারী নাটকটির কাহিনি। নজরুলের আলেয়া থেকে তৈরি করা হয়েছে পাণ্ডুলিপি। গান্ধারের রাজা আর জয়সলমিরের রানি, সঙ্গে আরও চারটি চরিত্র মিলেমিশে যে রসায়ন তৈরি হয়, তা নিয়েই এগিয়েছে রামিজ রাজু-নির্দেশিত প্রাঙ্গণেমোরের এই নাটকটি। এ নাটকে যুদ্ধ, গান, হার্দিক ব্যাকুলতার প্রকাশ দেখে আপনার মনে তার প্রভাব পড়বে।থিয়েটার আর্ট ইউনিটের নাটক মগজ সমাচার-এর ভাবনা এসেছে রবীন্দ্রনাথের ‘জুতা-আবিষ্কার’ কবিতা থেকে। লিখেছেন হাসান শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। এটি একটি চিরকালীন রাজনৈতিক প্রহসন। রাজা হবু আর মন্ত্রী গবুর এই কাহিনি জানেন না, এমন মানুষ খুব কম আছেন। চামড়া দিয়ে সারা রাজ্য মুড়িয়ে দিলে তো ফসলের খেতও ঢাকা পড়ে যাবে! শাসকগোষ্ঠীর অন্তঃসারশূন্যতা টের পাওয়া যাবে নাটকের পরতে পরতে। সাইফ সুমন এস এম সোলায়মানের যোগ্য চেলা, সুতরাং সোলায়মানি ব্যঙ্গ আর পরিহাস আত্মস্থ করেছেন ভালোভাবেই। নাটকটি দেখে নির্মল আনন্দের পাশাপাশি তীব্র শ্লেষও আপনাকে জারিত করবে।থিয়েটার রেপাটরি মঞ্চে এনেছে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। শাহজাদ ফেরদাউসের গল্প থেকে নাটকটি তৈরি করেছেন হাসান শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। মুক্তবাজার অর্থনীতির যুগে কী না বিক্রি হয়! জীবনও তুচ্ছ সেখানে। একটি ট্রেনে পুঁজিপতিদের সঙ্গে মোলাকাত হওয়ার পর বদলে যায় সিকান্দারের জীবন। সে যে কী ধরনের বদলে যাওয়া, সিকান্দার তা টের পেতে থাকে পদে পদে।স্বপ্নদল মঞ্চে এনেছে সেলিম আল দীনের হরগজ নাটকটি। মানিকগঞ্জের হরগজ নামের জায়গাটি প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর যে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়, তারই বয়ান নাটকটি। জাহিদ রিপনের নির্দেশনায় নাটকটিতে বেশ কিছু মনকাড়া দৃশ্য আছে, যেগুলো একটু হলেও প্রকৃতি ও মানুষের সম্পর্কগুলোকে ঝালাই করে নেওয়ার সুযোগ করে দেবে। সিএটির নাটক দ্য কমিউনিকেটর-এ সামাজিক আচার, শরীরী ভাষা, নৃত্য, সংলাপ, আবৃত্তি, পাপেট্রি, জাদু, সার্কাস, মাল্টিমিডিয়াসহ অনেক কিছুরই রসায়ন ঘটানো হয়েছে। থিয়েটারের প্রথাবদ্ধ রীতি ভেঙে ফেলেছে নাটকটি। এটির নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। ইয়াসমিনকা মারকোভোস্কার প্লে রাইট থেকে অনুবাদ করেছেন রায়হান আখতার।নাট্যজন মামুনুর রশীদকে এ বিষয়ে কিছু বলতে বলা হলে তিনি বললেন, ‘ভালো ধরেছ তো! এটা খুবই সত্য। তবে, নাটকের দুর্দিন এসেছিল, তা হয়তো নয়। আসলে মহিলা সমিতির অপরিসর, অনুপযোগী মঞ্চে আমরা অনেক ভালো নাটক নামিয়েছি। ভালো নাটক সব সময়ই ছিল মঞ্চে। তবে একসঙ্গে এতগুলো ভালো নাটক আসেনি, এটাও সত্য। ভেবে দেখ, এখন ইন্টারনেট, টিভি চ্যানেলের মোহ ভেঙে কেউ যখন নাটক দেখতে আসবে, তখন তাকে তো একটা ভালো কিছু দেখাতে হবে। শিল্পকলা একাডেমীর তিনটি মঞ্চই ভালো, তাই নাটকটি ভালো না হলে তো মুশকিল হবে। ফলে যারাই নাটক নামাচ্ছে, তারা একটা মান বজায় রেখেই নাটক আনছে মঞ্চে। উত্তরা কিংবা গাবতলী থেকে যে মানুষটি নাটক দেখতে আসছে, সে তো ভালো কিছুই দেখতে আসবে। এই দর্শকই অন্য দর্শককে উদ্বুদ্ধ করবে ভালো নাটক দেখতে। মঞ্চ নিয়ে আমি সব সময়ই আশাবাদী ছিলাম, এখনো আশাবাদী।’ মামুনুর রশীদের এই আশাবাদের সঙ্গী আমরাও। এ তো গেল নতুন নাটকগুলোর কথা। এ ছাড়া বিভিন্ন দল বেশ কিছুদিন ধরেই যে নাটকগুলো মঞ্চে আনছে, সেগুলোর উল্লেখ করাও জরুরি। থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল, প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, কইন্যা ও পুনর্জন্ম, আরণ্যকের এবং বিদ্যাসাগর ও রাঢ়াঙ, ঢাকা থিয়েটারের বিনোদিনী, নিমজ্জন ও ধাবমান, নাগরিকের রক্তকরবী (বলে রাখা ভালো, রবীন্দ্রনাথের এই নাটকটি আরও মঞ্চস্থ করছে প্রাঙ্গণে মোর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, চট্টগ্রামের তির্যক), পালাকারের নোরার তিন কন্যা, শিল্পকলা একাডেমীর একশ বস্তা চাল, পুত্র নাটকগুলোও চলছে। খনা সুবচন করেছিল। এখন করছে বটতলা। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ভালো নাটক এসে মঞ্চ জমিয়ে রেখেছে।কিছুদিন আগে পর্যন্ত বলা যেত, এ দেশে নাটক সংখ্যায় বেড়েছে, মান কমে যাচ্ছে। কিন্তু এখন মনে হয় মান কমে যাওয়ার কথা আর বলা যাবে না। মঞ্চনাটক ভালো হচ্ছে।কেউ যদি এখন টিকিট কেটে একটি নাটক দেখতে বসেন, তাহলে ফিরবেন মনে তৃপ্তি নিয়ে। সঙ্গে তা জোগাবে ভাবনার খোরাক, যা ভবিষ্যতে আরও কিছু ভালো নাটক দেখার দিকেই নিয়ে যাবে আপনাকে।এবার বলুন, কোন নাটকটি দেখতে যাচ্ছেন?