বুটিক সিনেমার ৬ তরুণ নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুটিক সিনেমা’র ব্যানারে ছয় মেধাবী তরুণ নির্মাতার হাতে নির্মিত হতে যাচ্ছে নতুন ছয়টি চলচ্চিত্র। ‘বাংলাদেশের চলচ্চিত্রের নাকি এখন দুঃসময়। মানি না। কোনটা দুঃসময় আর কোনটা সুসময় তা বলে দেবে সামনের সময়।’ এমনই এক স্লোগান নিয়ে বুটিক সিনেমার ব্যানারে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড মাঠে নেমেছে ছয়টি নতুন ছবির নির্মাণযজ্ঞে। বুটিক সিনেমার ছয় মেধাবী তরুণ নির্মাতা হলেন, অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আল রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ও রবিউল আলম রবি। আর তাঁদের ছবিগুলোর নাম হচ্ছে ‘প্রক্সি’, ‘কে’, ‘প্রজন্ম এক্স’, ‘জালালের পিতাগণ’, ‘কর্পূর’ ও ‘টাকার খেলা’। আজ শনিবার দুপুরে ঢাকার ওয়েস্টিন হোটেলে ছয় তরুণকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অন্য সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এই ছয় মেধাবী নির্মাতাকে। বুটিক সিনেমার আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে তরুণ ছয়জন পরিচালকের পরিচয় পর্বে একসঙ্গে ছয়টি ছবি নির্মাণের ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।বুটিক সিনেমা প্রকল্পের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘প্রতিবছর যেন সাত-আটটি ভালো সিনেমা তৈরি হয়, সেজন্যই এ উদ্যোগ।’ ফারুকীর আশা, এ প্রকল্পের ছবি অনেক জনপ্রিয় হবে এবং এগুলো দেশের বাইরে বিভিন্ন উত্সবে বেশ প্রশংসিত হবে।বুটিক সিনেমা প্রকল্পের এই উদ্যোগকে স্বাগত জানাতে অগ্রজ নির্মাতাদের মধ্যে এসেছিলেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মতিন রহমান, শহীদুল ইসলাম খোকন, শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন, নূর মোহাম্মদ মনি, গোলাম রাব্বানী বিপ্লব, মুশফিকুর রহমান গুলজার, সামিয়া জামান, প্রযোজক হাবিবুর রহমান খানসহ আরও অনেকে। তাঁদের ভাষ্য, এই তরুণ তুর্কিদের হাত ধরেই চলচ্চিত্রের বাতি আবারও জ্বলে উঠবে, বাংলাদেশের চলচ্চিত্র ফিরে পাবে তার হারানো গৌরব। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ৭৫টি চলচ্চিত্র নির্মাণ করেছে, যার মধ্যে অনেক ছবি দেশে ও দেশের বাইরের বিভিন্ন উত্সবে প্রশংসিত হয়েছে। অর্জন করেছে ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।