বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে—এটি কোনো গানের লাইন নয়। রবিউল করিমের গল্প অবলম্বনে মানিক মানবিকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকের নাম এটি। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে দেখানো হয়েছে এক মায়ের তাঁর তিন সন্তানের কাছ থেকে পাওয়া নানা কষ্টকর ঘটনাকে কেন্দ্র করে। নাটকের মূল কাহিনি গড়ে উঠেছে রানী সরকারকে কেন্দ্র করে। নাটকের গল্পে দেখা যাবে রানী সরকারের তিন ছেলে ফজলুর রহমান বাবু, হিল্লোল ও মুক্তনীল। কিন্তু কেউই তাঁদের মায়ের খোঁজখবর রাখেন না। এ জন্য মাও তাঁদের সঙ্গে নিজে থেকে কোনো কথা বলেন না। প্রতিবাদ হিসেবে মা একটি ভিন্ন পথ বেছে নেন। যা নিয়ে পুরো গ্রামে তোলপাড় শুরু হয়ে যায়। আর তখনই তিন ছেলে এবং তাঁদের বউরা মায়ের কাছে আসতে বাধ্য হন।নাটকটি সম্পর্কে পরিচালক মানিক মানবিক বলেন, নাটকটিতে আমি একেবারে সাধারণ একটি ঘটনাকে উপস্থাপন করেছি। যা সচরাচর আমাদের সবার জীবনে ঘটে থাকে। আমার বিশ্বাস, নাটকটি একটি বার্তা অন্তত আমাদের দিতে পারবে।নাটকটির অভিনেত্রী জেনী বলেন, গল্পটি যখন আমি শুনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। আসলে এটি খুব মর্মস্পর্শী একটি গল্প। আমি সবসময় একটু ব্যতিক্রমধর্মী কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নাটকটিতে আরও যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন চৈতি, সীমানা, সঞ্জীব আহমেদ প্রমুখ।