বুদ্ধদেবের মৃত্যুতে কে কী বললেন

বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে দুই বাংলার সংস্কৃতি দুনিয়াতেই নেমে আসে শোকছবি: কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। কিডনির সমস্যাও ছিল। নিয়মিত ডায়ালাইসিস হতো। বৃহস্পতিবার ডায়ালাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু সকালে স্ত্রী ডাকতে গিয়ে দেখেন, সাড়া মিলছে না চলচ্চিত্র পরিচালক, কবি বুদ্ধদেব দাশগুপ্তের। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘শ্রী বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ। তাঁর কাজ সমাজে একটা ছাপ ফেলেছে। এক খ্যাতনামা সাহিত্যিক ও কবিও ছিলেন তিনি। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’

টুইটারের এক শোকবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত বুদ্ধদেবের বিভিন্ন প্রাপ্তির দিক তুলে ধরেন। মমতা লিখেছেন, তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো।

গৌতম ঘোষ বলেন, বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে বাংলা ছবির জগতের পাশাপাশি সমগ্র ভারতীয় সিনেমার বিরাট ক্ষতি হলো। এককথায় অপূরণীয়। গৌতম ঘোষ মনে করেন, তাঁদের প্রজন্মের সে অন্যতম সেরা পরিচালক।
গৌতম ঘোষ

বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে দুই বাংলার সংস্কৃতি দুনিয়াতেই নেমে আসে শোক। পরিচালক হওয়ার আগে থেকেই গৌতম ঘোষের সঙ্গে বুদ্ধদেব দাশগুপ্তর বন্ধুত্ব। তাঁর মৃত্যুতে ৫০ বছরের সেই বন্ধুত্বে ছেদ পড়ল। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম ঘোষ জানালেন, বুদ্ধদেব দাশগুপ্তের প্রেরণায় প্রথমবার তাঁর ক্যামেরার সামনে আসা। গৌতম ঘোষ বলেন, বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে বাংলা ছবির জগতের পাশাপাশি সমগ্র ভারতীয় সিনেমার বিরাট ক্ষতি হলো। এককথায় অপূরণীয়। গৌতম ঘোষ মনে করেন, তাঁদের প্রজন্মের সে অন্যতম সেরা পরিচালক।

বুদ্ধদেব দাশগুপ্তের গৃহযুদ্ধে অভিনয় করেছিলেন গৌতম ঘোষ

স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘নিয়মিত যোগাযোগ ছিল। গত মাসেও বুদ্ধর সঙ্গে ফোনে কথা হয়েছে। আড্ডা মেরেছি। বয়সে সামান্য বড় হলেও কখনো বন্ধুত্বে সমস্যা হয়নি। বহু বহু মুহূর্ত কেটেছে কবিতার আলোচনায়, ছবি নিয়ে তর্কে। এমনও হয়েছে, আমার হাতে নিজের কাব্যগ্রন্থ তুলে দিয়ে বুদ্ধ বলেছে আবৃত্তি করতে। তার ধারণা ছিল, আমার গলায় নাকি তার লেখা কবিতা সব থেকে ভালো ফুটবে।’

‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ অভিনয় করার সময় বুদ্ধদেব দাশগুপ্তের প্রচুর বকা খেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এক স্মৃতিচারণায় তিনি বলছেন, ‘ভোরের দিকে অথবা বিকেলে শুটিং তাঁর খুব প্রিয় ছিল। একটু আলোর এদিক-ওদিক হলেই সেই দিনের জন্য শুটিং বাতিল করে দিতেন। সেই সময় ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ ওই রকম একটা গভীর চরিত্রে অভিনয় করতে হবে জেনে একটু ভয়ই পেয়েছিলাম। বুদ্ধি বা বয়স কোনোটাই ছিল না ওই চরিত্রটাকে তুলে ধরার জন্য। শুটিং সেটে প্রচুর বকুনিও খেয়েছি। মাঝেমধ্যে এত খারাপ লাগত, মনে হতো কেন আমি ছবিটা করতে এলাম। কিন্তু পরে বুঝেছি তিনি ওই একটা ছবিতেই আমায় কত কিছু শিখিয়ে দিয়েছেন।’

‘মন্দ মেয়ের উপাখ্যান’ এ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

শোকবার্তায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ছোটবেলা থেকে বুদ্ধদার ছবি দেখছি। তাঁর দেশের, তাঁর ভাষার মানুষ হিসেবে গর্ববোধ করি। শিক্ষক মানুষ ছিলেন বুদ্ধদা। কবিও ছিলেন। সব থেকে উল্লেখযোগ্য, তাঁর মতো ভালো মানুষ আমি কম দেখেছি। নিজেকে সৌভাগ্যবান মনে হয়। দুবার বুদ্ধদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

মমতা শঙ্কর লিখেছেন, বুদ্ধদেব দাশগুপ্তের প্রথম ফিচার ফিল্ম ‘দূরত্ব’–এ আমি ছিলাম। তারপর ‘গৃহযুদ্ধ’তেও আমি বুদ্ধদেবদা’র সঙ্গে কাজ করেছি। পরপর দুটো ছবিতে আমি ওনার সঙ্গে কাজ করেছি। ফলে আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। ওনার চলে যাওয়া আমার কাছে এতটাই দুঃখের, আমার এতটাই খারাপ লাগছে যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’

অভিনেত্রী শ্রীলেখা মিত্র
ছবি: ফেসবুক থেকে

‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ কাজ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। খুব কাছ থেকে দেখেছেন বুদ্ধদেব দাশগুপ্তকে। এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘ছবির জন্য যখন আমাকে ফোন করেছিলেন, তখন অভিনয় জগতে নবীন। মনে একটা ভয় নিয়ে প্রথম দিন দেখা করতে গিয়েছিলাম। সে সময় পরিচালকদের সঙ্গে আজকের মতো বন্ধুর মতো সম্পর্ক হতো না। উনি আমার কাছে একজন শিক্ষক ছিলেন। আমাকে অভিনয়ের অনেক কিছু শিখিয়েছেন। ক্যারিয়ারের প্রথম দিকে বুদ্ধবাবুর মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করা অবশ্যই একটা টার্নিং পয়েন্ট।’

বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত আনোয়ার কা আজব কিসসা সিনেমার পোস্টার
সংগৃহীত

শ্রীলেখার স্মৃতিচারণায় জানা গেল, অল্পভাষী ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। একমাত্র কাজ নিয়েই নায়িকা, অভিনেতাদের সঙ্গে কথা বলতেন। বাকি সময় নিজের মতো চুপচাপ থাকতেন। কাজের বিষয়ে ভীষণ খুঁতখুঁতেও ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। যেটা স্বাভাবিক সেটাই ক্যামেরাবন্দী করতে ভালোবাসতেন।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে সাউন্ড মিক্সিংয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ডজয়ী রেসুল পুকুট্টি বুদ্ধদেবের মৃত্যুতে টুইট করে লিখেছেন, বিশ্ব চলচ্চিত্র এক রত্নকে হারাল। যে স্থান কোনো দিনও পূরণ হবে না। পাশাপাশি কিছুদিন আগেই তাঁর সঙ্গে পরিচালকের কথা হয়েছিল। ভবিষ্যতে রেসুলের সঙ্গে বুদ্ধদেব দাশগুপ্তর কাজ করার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন। রেসুল আরও জানান, প্রয়াত পরিচালক কিছুদিন আগে মেসেজ করে তাঁর খবরাখবর নেন। তিনি কেমন আছেন জানতে চান। কথা বলেন কাজের ব্যাপারেও।

আমি নানাভাবে তাঁর কাছে ঋণী। একজন মাস্টার চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি অবশ্যই আমাদের প্রজন্মকে অনেক অনুপ্রাণিত করেছিলেন! আমিও ব্যতিক্রম ছিলাম না।
মোস্তফা সরয়ার ফারুকী
ফেসবুকে এ ছবিটি শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী

ফেসবুকে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি নানাভাবে তাঁর কাছে ঋণী। একজন মাস্টার চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি অবশ্যই আমাদের প্রজন্মকে অনেক অনুপ্রাণিত করেছিলেন! আমিও ব্যতিক্রম ছিলাম না।’ ফারকী আরও লিখেছেন, ‘আমাকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-সিনেমার শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমার বিরুদ্ধে প্রতিটি নিয়মকানুন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছিল। তারেক মাসুদ ছিলেন আমাদের চলচ্চিত্রের ভ্রাতৃত্বের এক ব্যক্তি, যারা আমার পাশে এসেছিলেন! আর বুদ্ধদেব দাশগুপ্তই ছিলেন কলকাতার একজন...।’