বুদ্ধিজীবী দিবসে মুক্তি পাচ্ছে না ‘পিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তি পাবে মাসুদ আখন্দ পরিচালিত ছবি ‘পিতা’। সেভাবেই চ্যানেল আইতে ছবিটির প্রচারণা চালানো হয়। কিন্তু হঠাত্ করেই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম থেকে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়। প্রথম আলো ডটকমকে ছবিটির পরিচালক মাসুদ আখন্দ বলেন, ‘সেন্সর ছাড়পত্রের পর থেকেই “পিতা” ছবিটি বুদ্ধিজীবী দিবসে মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। সেভাবে সব কাজ গুছিয়েও নেওয়া হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতেই হঠাত্ করে জানতে পারি ছবিটি এক সপ্তাহ পর ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। ছবিটি মুক্তির তারিখ পেছানোর বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে।’এদিকে ‘পিতা’ ছবিটি সম্পর্কে মাসুদ আখন্দ বলেন, ‘ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে।’ এ মাসের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডের সদস্যরা ‘পিতা’ ছবিটিকে কোনো ধরনের কর্তন ছাড়াই ছাড়পত্র দিয়েছেন। এ ব্যাপারে তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান হেদায়েতউল্লাহ আল মামুন জানান, ‘মুক্তিযুদ্ধের কিছু ঘটনা ছবিটিতে চমত্কার করে তুলে ধরা হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের ওপর নির্যাতনের দিকটি। পাশাপাশি রয়েছে নির্যাতিত মানুষের অনুভূতির কথা। আমরা মনে করছি, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের তা জানা উচিত। তাই বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র দিয়েছি।’ ‘পিতা’ মাসুদ আখন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা ও কোরিওগ্রাফি করেছেন তিনি। জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় প্রথম অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা কল্যাণ। ছবিতে আরও অভিনয় করেছেন শায়না আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও এরশাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কনা ও তূর্য।