বুদ্ধিজীবীর সন্তানদের মুখে স্বাধীনতার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইএমকে সেন্টারের কক্ষ ‘আড্ডা’য় গতকাল বুধবার বিকেলে বসেছিল আড্ডা। স্বাধীনতার নানা স্মৃতি নিয়ে সেখানে কথা বলেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। আড্ডার আয়োজক সামাজিক সংগঠন ‘আঙিনা’। শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বলেন, ‘শুধু মুক্তিযুদ্ধ নয়, বাবারা তরুণ বয়স থেকেই স্বাধিকার আন্দোলনে যুক্ত ছিলেন। সে জন্যই মুক্তিযুদ্ধের সময় পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়। তরুণ প্রজন্মকে ব্যাপারটি জানাতে হবে। সে জন্যই এ ক্ষুদ্র প্রয়াস।’

স্মৃতিচারণা করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান জাহীদ রেজা নূর। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সবার কাছে পৌঁছে দিতে সেটি বেতারে প্রচারের কথা নিজ দায়িত্বে দৈনিক ইত্তেফাক-এ প্রকাশ করেছিলেন তাঁর বাবা। বুদ্ধিজীবীদের জানতে তাঁদের লেখাগুলো পড়ার প্রতি গুরুত্ব দেন তিনি। মায়ের স্মৃতিচারণা করে সবাইকে তাঁর আলোকচিত্র দেখান শহীদ সেলিনা পারভীনের সন্তান সুমন জাহীদ। বাবার লেখা প্রবন্ধ পড়ে শোনান শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর সন্তান তানভীর হায়দার চৌধুরী। অনুষ্ঠান শুরু করেন উন্নয়নকর্মী মাহমুদা রহমান খান। স্মৃতিচারণা করেন আঙিনার কর্ণধার তৈয়বুজ্জামান খান।