বুধবার থেকে জাতীয় কবির জন্মবার্ষিকী অনুষ্ঠান
যথাযোগ্য মর্যাদায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে সরকার। এবার জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আগামী বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।গতকাল সোমবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে।এতে তথ্যমন্ত্রী বলেন, নজরুলের ‘বিদ্রোহী কবিতা’র ৯০ বছর পূর্তি হচ্ছে এবার। তাই এবার কবির জন্মবার্ষিকী বিশেষভাবে পালন করা হবে। তিনি বলেন, কবির জন্মদিন উদ্যাপন উপলক্ষে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নজরুলের স্মৃতি রক্ষার জন্য কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হবে সাত কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা।নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার বলেন, ‘জাতীয় কবিকে জাতির মধ্যে ছড়িয়ে দিতে চাই। নজরুলসংগীতকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য পুরোনো স্বরলিপি উদ্ধার করা হচ্ছে।’জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে কুমিল্লার দৌলতপুরে এবং চট্টগ্রাম জেলায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় জাদুঘরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ ছাড়া সারা দেশে বিভিন্ন সরকারি অফিস ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে কবির জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, কবির দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী।আজ গণসংগীত উৎসবগণসংগীত সমন্বয় পরিষদ বাংলাদেশকে চারটি অঞ্চলে ভাগ করে গণসংগীত উৎসবের আয়োজন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনের ঢাকা বিভাগীয় গণসংগীত উৎসব। বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় উৎসবে গণসংগীত পরিবেশনা শুরু হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুুক্ত।‘ঈশান বৈভব’ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের শিল্পীদের যৌথ প্রদর্শনী শুরু হলো ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। ‘ঈশান বৈভব’ নামের এই প্রদর্শনীতে ২৮ জন শিল্পীর ৫৬টি শিল্পকর্ম রয়েছে।গতকাল সোমবার বিকেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের চিত্রশিল্পীদের সংগঠন ‘কিরাত’-এর সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যসরকারের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। সম্মানিত অতিথি ছিলেন কিরাতের সভাপতি পবিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রদর্শনী নানা দিক থেকে তাৎপর্যময়। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নৈকট্য রয়েছে। শুধু সংস্কৃতি বা জীবনাচরণ নয়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সঙ্গে একটি নিবিড় সখ্য গড়ে উঠেছে বাংলাদেশের। বাংলাদেশের শিল্পানুরাগীরা এই প্রদর্শনীর মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের চিত্রকরদের সৃজনধারা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। এ ছাড়া ‘ঈশান বৈভব’ শীর্ষক এই প্রদর্শনী দুই অঞ্চলের ভাববিনিময়েও নতুন দিগন্তের উন্মোচন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ১৫ জন শিল্পী উপস্থিত ছিলেন।ভারতবর্ষের মূলধারার চিত্রকলা থেকে রস আহরণ করে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন শিল্পীরা। কাজ করছেন তাঁরা বিভিন্ন মাধ্যমে। কারও রয়েছে গভীর ঐতিহ্যপ্রীতি, কেউ যে আন্তর্জাতিক শিল্প-আন্দোলন সম্পর্কে সজাগ, তাঁদের সৃজনধারায় দৃষ্টি দিলে সে কথা মনে করিয়ে দেয়। কখনো অবয়ব ভেঙেছেন কেউ। কখনো বাস্তবতাবোধ শিল্পীর মানসযাত্রায় নানাভাবে ছাপ ফেলেছে। প্রথা ভাঙতেও চেয়েছেন কেউ। প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত।মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তিফরিদপুর অফিস জানায়, ‘শহীদের স্বপ্ন বুনি, সৃজন করি মাতৃভূমি’ আহ্বান নিয়ে গতকাল সোমবার ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের কবিতা পাঠের অনুষ্ঠান।বিকেলে জেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রদীপ জ্বালিয়ে একদল সহযোদ্ধাকে নিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও আমিনুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আবৃত্তিকার রকিবুল হক, সাংস্কৃতিক কর্মী আসমা আক্তার, ফরিদপুর আবৃত্তি সংসদের তৌহিদুল ইসলাম ও সিরাজ-ই-কবির। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী ও স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম। গতকাল অনুষ্ঠানে ‘মুক্তি চাই’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার শিল্পীরা। পরে ১৮ জন আবৃত্তিকার একক আবৃত্তি পরিবেশন করেন।বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।