বুনো ফুল বলে কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথিলার কথায় তাঁর ব্যক্তিত্বের দৃঢ়তা ফুটে ওঠে। ছবি: কবির হোসেন
মিথিলার কথায় তাঁর ব্যক্তিত্বের দৃঢ়তা ফুটে ওঠে। ছবি: কবির হোসেন
কী নিয়ে কথা বলব? অভিনয়? চাকরিজীবন? পড়াশোনা? গান? নাকি জীবনের নতুন এক অধ্যায় শুরুর সংগ্রাম? এসব নিয়ে ভাবতে ভাবতেই আলাপ এগিয়ে গেল অনেক দূর। প্রশ্ন ছোড়ার আগেই মিথিলা তাঁর ভূত, ভবিষ্যৎ, বর্তমান নিয়ে বললেন অনেক কথা। সে আলাপের কিছু অংশ নিয়েই এই প্রতিবেদন। লিখেছেন আদর রহমান

সময়ের অনেক আগেই মিথিলার বসুন্ধরার বাসায় আমরা উপস্থিত। শুক্রবারের ছুটির দিনের সকাল। বাসায় ঢুকতেই ছোট্ট আয়রার সঙ্গে দেখা। মা মিথিলার কোলে আহ্লাদী ঢঙে আড়মোড়া ভাঙছে। কিছুক্ষণের মধ্যে ঘুমের রেশ কাটিয়ে আয়রা জুড়ে দিল দারুণ আড্ডা। দেয়ালে ক্রেওন দিয়ে তাঁর নিজ হাতে আঁকা মায়ের ছবি দেখাতে ভেতরের ঘরে নিয়ে গেল। বুঝতে সময় লাগে না যে মেয়ের ভেতরে মায়ের ছায়া কত গাঢ় হয়ে আছে। মিথিলার মতোই মিশুক, নির্মল আর উচ্ছল আয়রা। আড্ডার মাঝপথে ব্যাঘাত ঘটিয়ে মিথিলা চলে এলেন। বললেন, তিনি তৈরি। বেরোতে হবে ছবি তোলার জন্য। বেরোনোর আগে মেয়ের কাছে জানতে চাইলেন মিথিলা, ‘দেখো তো মাকে ঠিক দেখাচ্ছে না?’ আয়রা গম্ভীর দৃষ্টিতে মায়ের সাজগোজ দেখে নিল। পাকা রূপবিশেষজ্ঞের মতো বলল, ‘লিপস্টিকটা আরেকটু ঠিক করতে হবে।’

মিথিলার দিনগুলো এখন পুরোই ‘আয়রা’ময়। মা-মেয়ে দুজনে দুজনের সবচেয়ে ভালো বন্ধু। মিথিলার সব ভাবনাতেই জড়িয়ে থাকে মেয়ের কথা। ছবি তোলার সময় রাস্তার পাশে থাকা রঙিন বুনো ফুল দেখেও আয়রার কথা মনে পড়ে যায় মিথিলার। কানের পাশে গুঁজে ছোট ফুলগুলো নিয়ে আসেন মেয়ের জন্য।

মিথিলা। ছবি: কবির হোসেন
মিথিলা। ছবি: কবির হোসেন

গেল ঈদে চারটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। সময় খুব হিসাব করে মেলাতে হয় তাঁর। তাই এর বেশি কাজে নিজেকে জড়াতে পারেননি। তবে অল্প কাজেও সাড়া পেয়েছেন প্রচুর। ব্যাচ ২৭: দ্য লাস্ট পেজ, পাঞ্চ ক্লিপ, অ্যান্টি ক্লক নিয়ে নানা মাধ্যমে এখনো চলছে আলোচনা। তবে আলোচনা যতই হোক না কেন, সাফল্যের রেশ ধরে রাখতে অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা আপাতত নেই মিথিলার। উৎসব মৌসুম ছাড়া অভিনয়ের জন্য সময় বের করা কঠিন তাঁর জন্য। কারণ সপ্তাহজুড়ে অফিস আর ছুটির দিনগুলো মেয়ের জন্য বরাদ্দ। নতুন কাজ হিসেবে শিগগিরই নিজের রেডিও অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। তা ছাড়া পড়াশোনাটাও মিথিলার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হওয়ায় কাজের খাতিরেই পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে হয়। জানা থাকতে হয় বৈশ্বিক নানা বিষয়ের খবরাখবর, ঘুরতে হয় দেশ-বিদেশ। তাই ঈদ, পয়লা বৈশাখের মতো উপলক্ষ ছাড়া অভিনয়ের ফুরসত কই মিথিলার। ব্যস্ততার কথা বলতে গিয়ে মিথিলা দিলেন মজার এক তথ্য। বললেন, ‘অনেক বছর পর এবারই প্রথম একটানা পাঁচ মাস ধরে দেশে আছি। তা না হলে কদিন পরপরই তো অফিসের কাজে নানা দেশে যেতে হয়।’

তবে দেশে থাকলেও তো স্থির ছিলেন না মিথিলা। গত তিন মাসে অনেক অস্থিরতা আর ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে এই শিল্পীর দিন। এ সময়ের মধ্যেই ঘোষণা দিয়েছেন িববাহ বিচ্ছেদের। এরপর কতজনের কত কথা! তবে এসবের প্রভাব পড়েনি মিথিলার পথচলায়। তিনি দৃঢ় তাঁর স্বপ্নপূরণে। বললেন, ‘কারও কথাতেই আমার মানসিক স্থিতিশীলতা নষ্ট হয় না। একজন নারীর জন্য চারদিকে নানা প্রতিবন্ধকতা থাকবে। বিশেষ করে সে যখন একা পথচলার মতো সিদ্ধান্ত নেবে। নানাজনের এই নেতিবাচক কথার প্রভাব আমাকে প্রভাবিত করে না। আমি শুধু আমার মেয়ের চোখে একজন আদর্শ মানুষ হতে চাই।’

শুধু কি িনজের সন্তান? দেশের কতশত মেয়ের কাছেই তো মিথিলা এক সফল কর্মজীবী মা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছেন, অনুপ্রেরণা হয়ে আছেন। এটাকে তিনি কীভাবে দেখেন? কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মিথিলার এসব কথা মনে হয় না? ‘সবার প্রত্যাশার যে বোঝা তা বহন করে চলা সহজ নয়। এই বোঝা কখনোই আমি বহন করিনি। এখনো করি না। আমি শুধু জানি, কে কী বলবে এসব ভেবে অন্যায় সহ্য করা আরও বড় অন্যায়।’

মিথিলার কথায় তাঁর ব্যক্তিত্বের দৃঢ়তা ফুটে ওঠে। আত্মবিশ্বাস দিয়ে বন্ধুর পথকেও মসৃণ করা যায়, ধূসর সময়েও থাকা যায় রঙিন। ঠিক মিথিলার কানের পাশে গোঁজা রঙিন বুনো ফুলের মতোই, পথের কোনো ধুলোবালি কিংবা রূঢ়তা তাঁকে ম্লান করতে পারে না।