নৃত্যজগতে বুলবুল চৌধুরী এসেছিলেন ধূমকেতুর মতো। আবার ধূমকেতুর মতোই হঠাৎ হারিয়ে গেলেন। তৎকালীন ভারতবর্ষের সাংস্কৃতিক পরিমণ্ডলে নাচের ঝড় তুলেছিলেন তিনি। তিনি ধ্রুপদি রীতির সঙ্গে আধুনিক যুগধর্মী সহজ ও বলিষ্ঠ রীতির সমন্বয় করেছেন। শিল্পকলা একাডেমী আয়োজিত নৃত্যগুরু বুলবুল চৌধুরী স্মরণানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তিনি ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। মাত্র ৩০ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেও, নিজেকে প্রতিষ্ঠা করে যান প্রাচ্য ও পাশ্চাত্যের একজন প্রসিদ্ধ নর্তক, নৃত্য সংগঠক ও নৃত্যনাট্য রচয়িতা হিসেবে।
অনুষ্ঠানের শুরুতেই বুলবুল চৌধুরীকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমানুল হক খান, গোলাম মোস্তফা খান, মিনু হক, মাহফুজুর রহমান প্রমুখ।
শেষ পর্বে দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন, বেনজীর সালামের পরিচালনায় নৃত্যশ্রী, অনিক বোসের পরিচালনায় স্পন্দন নৃত্য সংগঠন নৃত্য পরিবেশন করে৷ বেলায়েত হোসেন খানের পরিচালনায় জাগো আর্ট সেন্টারের সোর্ড ড্যান্স পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।