বুলবুল মেলা শিল্পকলায় শুরু
দেশের বরেণ্য নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী স্মরণে পাঁচ দিনব্যাপী মেলা গতকাল শনিবার শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে। বিশিষ্ট এ নৃত্যগুরুর ৭২তম জন্মদিন উপলক্ষে মেলার আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বিকেলে এর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপা খন্দকার। বক্তারা বলেন, মাত্র ৩৫ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেন বুলবুল চৌধুরী। কিন্তু এর মধ্যেই তিনি তাঁর প্রতিভা প্রমাণ করতে পেরেছিলেন। বাংলাদেশে নৃত্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শিল্পীর বহু অসাধারণ কম্পোজিশনের কথা উল্লেখ করে সেগুলো ভিডিও আকারে সংরক্ষণের দাবি জানান বক্তারা। আয়োজনের দ্বিতীয় পর্বে ভারতের নৃত্যগুরু অজিত সন্যালকে পদক ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ পর্বে নৃত্য পরিবেশন করে মণিপুরি আদিবাসী দল, জাগো আর্ট সেন্টার, দিব্য সাংস্কৃতিক সংগঠনসহ বেশ কয়েকটি দল।