বুলবুল ললিতকলা একাডেমিতে অনিয়মের অভিযোগ
বুলবুল ললিতকলা একাডেমিতে টাকার বিনিময়ে প্রথম বিভাগে পাস করানো হচ্ছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির সাবেক শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ রাহিজা খানম ঝুনু বলেন, ‘আইনের মারপ্যাঁচ আর পেশিশক্তির প্রভাব খাটিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন একাডেমির কর্মকর্তারা। এরপর তাঁরা অভিজ্ঞ অধ্যক্ষ ও যোগ্য শিক্ষকদের অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। অর্থের বিনিময়ে অযোগ্য মেধাহীন শিক্ষকদের নিয়োগ দিয়েছেন।’এ সময় বুলবুল ললিতকলা একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা জন্য শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, এমদাদ হক খোকন, জিনাত বরকতুল্লাহ, দীপা খন্দকার, আমানুল্লাহ, গোলাম মোস্তফা খানসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০৭ সাল থেকে একটি মহল বুলবুল ললিতকলা একাডেমিকে ব্যবহার করছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। সম্প্রতি আদালত কর্তৃক অবৈধ ঘোষিত এই মহলটি বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) নাম পরিবর্তন করে ‘বুলবুল ললিতকলা একাডেমি অ্যান্ড রিসার্চ সেন্টার’ নাম দিয়ে একাডেমির শাখাগুলোকে দখল করেছে।