বুলবুলের কথা তুহিনের সুরে শীর্ষ সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন

আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবির শীর্ষ সংগীতের সুর করলেন এই প্রজন্মের আরেক শিল্পী শফিক তুহিন। গত শনিবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগত লাবণ্য।গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘বুলবুল ভাইয়ের লেখা গানে সুর করাটা আমার কাছে আরেকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতোই আনন্দের মনে হলো। আমি এমনিতেই বুলবুল ভাইয়ের কথা ও সুরের ভক্ত। তিনি আমাদের কথা-গানের জীবন্ত কিংবদন্তি। বুলবুল ভাই আমাকে তাঁর কথায় সুর করার অনুমতি দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ। শুধু তাই নয়, গানটি রেকর্ড করে গত শনিবার ভয়ে ভয়ে তাঁকে শুনিয়েছি। শুনে তিনি বেশ প্রশংসাই করেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আমার মতো একজন নবীন সুরকারের জীবনে আর কী হতে পারে?’শফিক তুহিন আরও জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল গানটি শুনে তাঁকে মজার একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি সুরকার হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছি। আর তুমি পেয়েছ গীতিকবি হিসেবে। আর আজ এ গানটির মধ্য দিয়ে ঘটল উল্টো ঘটনা। আমি লিখলাম, তুমি সুর বসালে।’